শুক্রবার জাবিতে প্রবেশিকা অনুষ্ঠান, আসছেন শিক্ষামন্ত্রী

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৭:৩৫ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির নবাগত শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান আগামীকাল শুক্রবার (১৯ জুন) অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বিকাল ৪টায় প্রবেশিকা অনুষ্ঠান শুরু হবে এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব।

এছাড়া শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দিন স্বাগত বক্তব্য প্রদান করবেন। অনুষ্ঠানে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটে ভর্তিকৃত শিক্ষার্থীদের স্ব স্ব অনুষদের ডিন ও পরিচালকদের নিকট পাঠদানের জন্য উপস্থাপন করবেন।

বিজ্ঞপ্তিতে নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ভর্তিকৃত প্রত্যেক শিক্ষার্থীর জন্য আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। শতভাগ আবাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট হল প্রশাসন ও দায়িত্বশীলদের আন্তরিক প্রচেষ্টার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত