ব্রাজিল একাদশে পরিবর্তনের বার্তা দিলেন আনচেলত্তি

আপডেট : ১৯ জুন ২০২৬, ১২:৩৪ পিএম

ব্রাজিলের হলুদ জার্সির সঙ্গে লেপ্টে থাকে এক আকাশ প্রত্যাশা আর কোটি ভক্তের আবেগ। কিন্তু ২০২৬ বিশ্বকাপের শুরুতেই সেই আবেগে বেশ বড়সড় এক ধাক্কা লেগেছে। বিশ্বমঞ্চের প্রথম ম্যাচে সর্বশেষ ৯২ বছর আগে, ১৯৩৪ আসরে হেরেছিল সেলেসাওরা। দশকের পর দশক প্রথম ম্যাচে দাপুটে জয় পাওয়া সেই ব্রাজিল এবার মরক্কোর কাছে ১-১ গোলে আটকে গেছে; তাও আবার এমন ছন্নছাড়া ফুটবল খেলে, যা অনেকের চোখেই হারের সমান। এমন মলিন শুরুর পর সেলেসাও ভক্তদের মনে যখন রাজ্যের শঙ্কা, ঠিক তখনই হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের আগে একাদশে পরিবর্তনের ঘোষণা দিয়ে ঘুরে দাঁড়ানোর নতুন বার্তা দিলেন কোচ কার্লো আনচেলত্তি।

ফিলাডেলফিয়ায় বাংলাদেশ সময় আগামীকাল সকাল সাড়ে ৬টায় হাইতির মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি ব্যাখ্যা করেছেন কেন মরক্কোর বিপক্ষে তার দল চেনা ছন্দে ছিল না। ব্রাজিলিয়ান জার্সির প্রবল চাপের কথা উল্লেখ করে তিনি বলেন, “প্রথমার্ধে আমাদের পারফরম্যান্স অপ্রত্যাশিত ছিল। হতে পারে ব্রাজিলের জার্সি গায়ে তোলার চাপ খেলোয়াড়দের মানসিকতায় কিছুটা প্রভাব ফেলেছিল। শুরুটা ভালো করা জরুরি, তবে এটাই শেষ কথা নয়। মরক্কোর বিপক্ষে যারা ভালো খেলতে পারেনি, তাদের আমি আরও সুযোগ দিতে চাই। সেদিন আমাদের কেউ নিজের সেরাটা দিতে পারেনি। তবে প্রথম ম্যাচগুলো দিয়ে বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হয় না।”

প্রথম ম্যাচের ভুলত্রুটি শুধরে ফুটবলাররা মাঠে আরও মানসম্পন্ন ফুটবল উপহার দেবেন বলে বিশ্বাস ইতালিয়ান এই কোচের। তিনি স্পষ্ট জানান, “আমরা দলের উন্নতি করতে পারি এবং আমরা সেটা করবই। প্রথম ম্যাচটি ভালো না হওয়ায় দলের কেউই খুশি ছিল না। তবে আগামীকাল আমরা ভিন্ন এক ম্যাচ খেলব।”

ঘুড়ে দাঁড়ানোর এই ম্যাচে শুরুর একাদশে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন আনচেলত্তি। ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী, ইবানেজ ও ইগর থিয়াগোর পরিবর্তে আজ শুরুর একাদশে দেখা যেতে পারে দানিলো ও মাথিউস কুনহাকে। তবে চোটের কারণে দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র হাইতির বিপক্ষে এই ম্যাচে থাকছেন না। যদিও তিনি ফিরেছেন বুট পায়ের অনুশীনে।

ব্রাজিলের মতো দলের ডাগ আউটে দাঁড়িতে বিশ্ব মঞ্চে শুরুটা কি আনচেলত্তির জন্য বিশেষ চাপের? এমন প্রশ্ন আসাটা যেন স্বাভাবিকই ছিল। তবে আনচেলত্তির উত্তর চাপ ছাপিয়ে গৌরবের।  প্রথম ম্যাচেই পয়েন্ট হারিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা তীব্র চাপের মুখে পড়লেও ব্রাজিলের কোচ হওয়াকে একটি ‘বিশেষ গৌরব’ মনে করেন আনচেলত্তি। “প্রথম ম্যাচেই কেউ বিশ্বকাপ জিতে যায় না। আমাদের সমস্যার সমাধান খুঁজতে হবে। গত কয়েকদিন আমরা সেটি নিয়েই কাজ করেছি এবং আমার বিশ্বাস আমরা তা খুঁজে পেয়েছি। দল যে দারুণভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে এই আত্মবিশ্বাস আমার এখনও আছে।” 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত