সিরিজ বাঁচাতে পাহাড় টপকাতে হবে বাংলাদেশকে

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৩:৪৮ পিএম

চট্টগ্রামে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হেরে পিছিয়ে আছে বাংলাদেশ। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ বাঁচানোর লক্ষ্যে নেমেছে স্বাগতিকরা। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচেও চোটের কারণে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। তাওহীদ হৃদয়ের নেতৃত্বে লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়েছে অজিরা। ৫ উইকেট হারিয়ে তুলেছে ১৯৬ রান। সিরিজ বাঁচাতে হলে এই সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ ১৯৭ রান তাড়ার রেকর্ড গড়তে হবে লাল-সবুজের প্রতিনিধিদের। সর্বোচ্চ রান তাড়ায় রেকর্ডটি শ্রীলঙ্কার বিপক্ষে ২১৫ রানের, ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে।

আজ আগে ব্যাট করতে নেমে শুরুতেই তাণ্ডব চালান অস্ট্রেলিয়ার দুই ওপেনার জশ ইংলিশ ও অধিনায়ক মিচেল মার্শ। শেখ মেহেদী হাসানের পরিবর্তে একাদশে ফেরা নাসুম আহমেদের করা প্রথম ওভার থেকে দুজন ১২ রান তোলেন। দ্বিতীয় ওভারে আরও আগ্রাসী ব্যাট করেন ইংলিশ-মার্শ। আব্দুল গাফফার সাকলাইনের করা এই ওভার থেকে নেন ১২ রান।

তবে পরের ওভারে লাগাম টেনে ধরেন নাসুম, ১১ রানে ফেরান ইংলিশকে (১১)। ইনিংসের চতুর্থ ওভারে নাহিদ রানা প্রথমবার বল হাতে নিয়েই সাফল্য পান। এই ডানহাতি পেসারের গতি সামলাতে না পেরে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন কুপার কনোলি (১)। পাওয়ার প্লের শেষ ওভারে মার্শকে (২০) থামান মুস্তাফিজুর রহমান। এতে ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৪ রান তোলে সফরকারীরা।

চতুর্থ উইকেট জুটিতে অস্ট্রেলিয়াকে টেনে তোলেন ম্যাট রেনশ ও টিম ডেভিড। শুরুতে দেখেশুনে খেলে পরে দ্রুতগতিতে রান তোলেন দুজন। ৫০ বলে ৯৭ রানের এই জুটি ভাঙেন সাকলাইন। ডেভিড আউট হন ২৬ বলে ৪৫ রান করে। এরপর নিখিল চৌধুরীকে (৮) নিজের দ্বিতীয় শিকার বানান নাসুম। অন্যপ্রান্তে অবশ্য ফিফটি তুলে নেন রেনশ। আগ্রাসী ব্যাটিংয়ে ৫২ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন তিনি। বাংলাদেশের হয়ে নাসুমই সর্বাধিক ২ উইকেট নেন। সাকলাইন ১ উইকেট নিতে খরচ করেন ৫৩ রান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত