ব্যাটিংয়ে বাংলাদেশ: খেলছেন না লিটন, নেতৃত্বে অভিষেক হৃদয়ের 

আপডেট : ১৭ জুন ২০২৬, ০২:১২ পিএম

চট্টগ্রামের অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। চোটের কারণে এই ম্যাচে খেলছেন না স্বাগতিকদের এই ফরম্যাটের অধিনায়ক লিটন দাস। তার পরিবর্তে এই ম্যাচে নেতৃত্ব থেমেছে তাওহিদ হৃদয়ের হাতে।

যেকোনো ফরম্যাটে প্রথমবারের মতো জাতীয় দলকে নেতৃত্ব দেবেন হৃদয়। তবে এর আগে ঘরোয়া ক্রিকেটে মোহামেডানের হয়ে নেতৃত্ব দেবার অভিজ্ঞতা আছে তার। এদিকে স্বল্প ওভারের এই ফরম্যাট দিয়ে জাতীয় দলে অভিষেক হলো অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইনের। এর আগে নিউজিল্যান্ড সিরিজে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেও নামা হয়নি একটি ম্যাচেও। তবে সাগরিকায় জায়গা পেলেন মূল একাদশে। 

লিটনের সবশেষ অবস্থা জানাতে জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন শিবা বলেন, ‘পরীক্ষানিরীক্ষার পর লিটনের বাঁ পায়ের মাংসপেশিতে গ্রেড-১ স্ট্রেইন ধরা পড়েছে। চোটটি তুলনামূলকভাবে ছোট এবং সে দ্রুত সুস্থ হচ্ছে। তবু বাড়তি সতর্কতার কারণে প্রথম ম্যাচে খেলতে পারবেন না। চিকিৎসা ও পুনর্বাসনে কেমন উন্নতি হয়, এর ওপর নির্ভর করবে পরবর্তী ম্যাচগুলোতে লিটন খেলবেব কি-না।’

এর আগে গতকাল মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে দলের পরিকল্পনা শোনানোর পাশাপাশি নিজের চোটেও সর্বশেষ অবস্থা সম্পর্কে লিটন জানিয়েছিলেন, ‘আমি আগের থেকেও ভালো আছি। আজ (মঙ্গলবার) এবং আগামীকাল (বুধবার) দেখে সিদ্ধান্ত নেব (খেলব কি না)।’

কিন্তু টিম ম্যানেজমেন্ট সূত্রে মিলেছিল ভিন্ন খবর। গতকাল রাতেও পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ছুটতে হয়েছিল লিটনকে। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক নিজে আজ খেলার ব্যাপারে আশাবাদী হলেও ঝুঁকি নিতে চাননি প্রধান কোচ ফিল সিমন্স। শেষ পর্যন্ত তাকে রাখা হলো বিশ্রামে। 

বাংলাদেশ একাদশ:
সাইফ হাসান, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন (উইকেটকিপার), তাওহিদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, আব্দুল গাফফার সাকলাইন, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত