ফলের উৎসব ও গানের সুরে মুখরিত জাতীয় প্রেস ক্লাব

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৩:০৪ পিএম

রকমারি দেশি ফলের সমাহার আর দেশাত্মবোধক গানের সুরে উৎসবমুখর হয়ে উঠেছে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। শুক্রবার (১৯ জুন) ৪২ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও রস আস্বাদনের মাধ্যমে চমৎকার এই অনুষ্ঠান উদযাপন করা হয়। জাতীয় প্রেস ক্লাবের থিম সং ‘প্রেস ক্লাব আমাদের সেকেন্ড হোম’ পরিবেশনার মধ্য দিয়ে বর্ণাঢ্য এই আয়োজনের শুভ উদ্বোধন করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা প্রাণভরে এই ফল উৎসব ও সঙ্গীতানুষ্ঠান উপভোগ করেন।

উৎসবে নিয়ে আসা দেশি ফলের সম্ভারের মধ্যে ছিল— আম্রপালি, ফজলি, হাঁড়িভাঙ্গা, কাঁঠাল, আনারস, জাম, কলা, জামরুল, পেয়ারা, লটকন, করমচা, ডেউয়া, ড্রাগন, সাম্মাম, সফেদা, তরমুজ, বাঙ্গি, বিলাতি গাব, তালের শাঁস ও দেশি খেজুরসহ হরেকরকম ফল। ফল উৎসবের পাশাপাশি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে চমৎকার সব গান পরিবেশন করেন দেশের জনপ্রিয় শিল্পী তামান্না হক, শাহরিয়ার রাফাত, মিনি আলাউদ্দিন ও বাবু।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া  ও অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক কাদের গনি চৌধুরী । 

উৎসবের এই আনন্দঘন মুহূর্তে ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, বখতিয়ার রানা, সৈয়দ আবদাল আহমদ, একেএম মহসিন, মাসুমুর রহমান খলিলী, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেনসহ ক্লাবের সিনিয়র সদস্যরা সপরিবারে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত