রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট সিআইডির নয়

আপডেট : ২০ জুন ২০২৬, ০৮:০২ এএম

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার ‘খসড়া চার্জশিট’ বলে বিভিন্ন সংবাদমাধ্যমে যে তথ্য প্রকাশিত হয়েছে, তা সংস্থার কোনো কর্মকর্তা সরবরাহ করেননি বলে জানিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডি বলেছে, রিজার্ভ চুরি মামলার তদন্তসংক্রান্ত বিষয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সিআইডির কর্মকর্তাদের বরাতে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সংস্থার কোনো কর্মকর্তা সরবরাহ করেননি।

গতকাল শুক্রবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গণমাধ্যমে প্রকাশিত ওই বক্তব্যগুলোকে সিআইডির আনুষ্ঠানিক অবস্থান হিসেবে গণ্য না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে সিআইডি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহুল আলোচিত রিজার্ভ চুরি মামলাটি বর্তমানে তদন্তাধীন। তদন্তের স্বার্থে এ মুহূর্তে মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তদন্ত কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আদালতে প্রতিবেদন দাখিল করা হবে এবং পরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে মামলার হালনাগাদ তথ্য জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত