রেস্তোরাঁ ও ক্যাটারিং সেবায় অভিন্ন ৫ শতাংশ ভ্যাট দাবি

আপডেট : ২০ জুন ২০২৬, ০৮:০৩ এএম

দেশের রেস্তোরাঁ শিল্পকে টিকিয়ে রাখতে এবং বৈষম্য দূর করতে রেস্তোরাঁ ও ক্যাটারিং সেবার ক্ষেত্রে অভিন্ন ৫ শতাংশ ভ্যাট নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর প্রস্তাবিত শূন্য দশমিক ৫ শতাংশ উৎসে কর ও ১০ শতাংশ সম্পূরক শুল্ক পুরোপুরি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

গতকাল শুক্রবার রাজধানীতে সমিতির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাত দফা দাবি তুলে ধরে সংগঠনটি। লিখিত বক্তব্যে সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, বর্তমানে রেস্তোরাঁ খাতে ৫ শতাংশ এবং ক্যাটারিং সেবায় ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়, যা ব্যবসায়িক প্রতিযোগিতায় বৈষম্য সৃষ্টি করছে। তাই সব ধরনের প্রতিষ্ঠানের জন্য একই হারে ৫ শতাংশ ভ্যাট নির্ধারণ করা প্রয়োজন।

তিনি বলেন, স্ট্রিট ফুডসহ সব ধরনের রেস্তোরাঁকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনলে অসম প্রতিযোগিতা কমবে এবং সরকারের রাজস্ব আয়ও বাড়বে। একই সঙ্গে মূল্যস্ফীতি, এলপিজি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে রেস্তোরাঁ খাতের পরিচালন ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে রেস্তোরাঁ খাতে ওয়ান স্টপ সার্ভিস চালু, স্বল্প সুদে ঋণ সুবিধা নিশ্চিত, মাসিক ভিত্তিতে ভ্যাট পরিশোধ ব্যবস্থা বহাল রাখা, খাতটির জন্য পৃথক শিল্পনীতি প্রণয়ন, শ্রমিকদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন এবং কর প্রশাসনে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার দাবিও জানানো হয়।

এ সময় সমিতির সহসভাপতি শাহ সুলতান খোকন, যুগ্ম মহাসচিব ফিরোজ আলম সুমন, সাংগঠনিক সম্পাদক তৌফিকুর ইসলামসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত