চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সাগর

আপডেট : ২০ জুন ২০২৬, ১১:১৮ এএম

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সন্তান ও দীর্ঘদিনের ছাত্ররাজনীতিক মাহমুদুল হাসান সাগর গতকাল চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দীর্ঘ এক যুগের রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও প্রতিকূলতা অতিক্রম করে এ পদে নির্বাচিত হওয়াকে তিনি জীবনের অন্যতম বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন।

সাগর জানান, স্কুলজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির প্রতি তার আগ্রহ তৈরি হয়। এ ক্ষেত্রে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তার বাবা। বাবার কাছ থেকেই বিএনপি ও জাতীয়তাবাদী রাজনীতির আদর্শ সম্পর্কে জানতে শুরু করেন। পরবর্তীতে ২০১১ সালে কলেজ জীবনে তিনি সরাসরি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন।

তার ভাষ্য অনুযায়ী, ছাত্রদল শিক্ষা ও ক্যাম্পাসবান্ধব রাজনীতিতে বিশ্বাসী একটি সংগঠন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন রাজনৈতিক অবস্থান তাকে ছাত্রদলের প্রতি আকৃষ্ট করে। তবে সে সময় দল ক্ষমতার বাইরে থাকায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা ছিল অত্যন্ত কঠিন।

২০১৪ সালে তিনি বাউরিয়া ইউনিয়ন ছাত্রদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। কমিটি ঘোষণার পরপরই প্রতিপক্ষের হামলার শিকার হওয়ার দাবি করেন তিনি। এরপর দীর্ঘ সময় মামলা, হুমকি-ধমকি ও বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে হয়েছে বলে জানান। তার দাবি, ছাত্ররাজনীতির কারণে ব্যক্তিগত জীবনের পাশাপাশি পরিবারকেও নানা ধরনের চাপ ও ভোগান্তির মুখোমুখি হতে হয়েছে।

তবে সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার ফলস্বরূপ তিনি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেন। এ অর্জনকে তিনি তার রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

এ উপলক্ষে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকি উদ্দিন, সাধারণ সম্পাদক রুবেল হোসেন ও সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।

রাজনৈতিক সহযোদ্ধা ও নেতাকর্মীদের সহযোগিতা এবং তৃণমূলের সমর্থনকে তিনি তার এ অর্জনের অন্যতম ভিত্তি বলে উল্লেখ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত