বাগাতিপাড়ায় ব্যাংকের নিরাপত্তাকর্মীর আত্মহত্যা

আপডেট : ২০ জুন ২০২৬, ১২:১৪ পিএম

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় গ্যাস ট্যাবলেট সেবনের পর বিপুল কুমার সরকার (৪৩) নামে এক ব্যাংকের নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৯ জুন) রাতে উপজেলার পাঁকা ইউনিয়নের কৃষ্ণপুর (গালিমপুর) গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বিপুল কুমার সরকার ওই গ্রামের মৃত অদ্বৈত প্রসাদ সরকারের ছেলে। তিনি বগুড়ায় একটি বেসরকারি ব্যাংকে নিরাপত্তাকর্মী (সিকিউরিটি গার্ড) হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিপুল কুমার সরকার বগুড়া থেকে নিজ বাড়িতে ফেরেন। বাড়িতে পৌঁছেই তিনি তার বড় বোন অর্চনা রানীকে জানান যে, তিনি কোমল পানীয়ের সঙ্গে গ্যাস ট্যাবলেট সেবন করেছেন। 

বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে হাসপাতালে নেওয়ার পথে রাজশাহীর বানেশ্বর বাজার এলাকায় তার মৃত্যু হয়।

পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ রাত ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ থানায় নিয়ে যায়।

পরিবারের সদস্যদের দাবি, বিপুল কুমার সরকার দীর্ঘদিন ধরে বিভিন্ন ঋণের চাপে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তাদের ধারণা, ঋণের চাপ থেকেই তিনি আত্মহত্যার মতো মর্মান্তিক সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে আজ শনিবার (২০ জুন) মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত