নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টের বহুল আলোচিত ‘৫০১ নম্বর কক্ষ’ সংক্রান্ত ঘটনার ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক। সেখানে তিনি ওই কক্ষকে বিজয়ের প্রতীক হিসেবে উল্লেখ করছেন এবং ভবিষ্যতে এটি উদ্যাপন করার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘৫০১’ ছিল ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট এবং ওই ঘটনার মাধ্যমে তাকে রাজনৈতিকভাবে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। গতকাল শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মামুনুল হক এসব কথা বলেন। ওই ঘটনার পর বিভিন্ন বিষয়ে মনোমালিন্যের কারণে তার স্ত্রী জান্নাত আরা ঝর্ণার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় বলেও জানান তিনি।
মামুনুল হক জানান, ২০২১ সালের ৩ এপ্রিল তিনি স্ত্রী জান্নাত আরাকে (ঝর্ণা) নিয়ে রয়েল রিসোর্টের ৫০১ নম্বর কক্ষে অবস্থান করেন। তখন পুলিশের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগের কর্মী, সাংবাদিক ও অন্যরা সেখানে ঢুকে আমাদের হেনস্তা করে। রিসোর্টের রিসেপশন থেকে জানানো হয় যে, পুরো রিসোর্ট পুলিশ ঘিরে ফেলেছে। কক্ষের দরজা খোলার পর অনেকেই জোরপূর্বক কক্ষে প্রবেশ করে এবং বিভিন্ন ডিভাইসের মাধ্যমে লাইভ সম্প্রচার শুরু করে। এ পরিস্থিতিতে স্ত্রীকে রক্ষা করতে তাকে ওয়াশ রুমে রাখেন। পরে নারী পুলিশ সদস্য সেখানে প্রবেশ করে এবং সেখান থেকেও লাইভ সম্প্রচার চালায়।
জিজ্ঞাসাবাদের সময় তিনি এবং জান্নাত উভয়েই নিজেদের বৈবাহিক সম্পর্কের কথা জানান এবং সেটি বিভিন্ন মাধ্যমে প্রচারিতও হয় বলে উল্লেখ করেন মামুনুল হক। তার দাবি, প্রথমে পুলিশ তার মোবাইল নিয়ে গেলেও এক অতিরিক্ত পুলিশ সুপার তথ্য যাচাইয়ের জন্য ফোনটি ফেরত দেন এবং পরিচিতজনদের সঙ্গে কথা বলে আশ্বস্ত হন। তবে পরে ডিজিএফআই কর্মকর্তারা এসে আমাদের থানায় নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, রিসোর্টের বাইরে তখন হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। তিনি তাদের শান্ত করেন এবং পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখেন।
জান্নাতের সঙ্গে বিয়ের ব্যাখ্যায় মামুনুল হক বলেন, জান্নাত আগে তার ঘনিষ্ঠ সহকর্মী হাফেজ শহিদুল ইসলামের স্ত্রী ছিলেন। তাদের দুটি সন্তান রয়েছে। পারস্পরিক সম্মতিতে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর জান্নাত তার সঙ্গে যোগাযোগ করেন এবং একপর্যায়ে তিনি তাকে বিয়ের প্রস্তাব দেন।