অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ এখনো শেষ হয়নি বাংলাদেশের। আজ চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। এই ম্যাচ মাঠে গড়ানোর আগেই জিম্বাবুয়ে সফরের জন্য ঢাকা ছাড়বেন টেস্ট দল ও কোচিং স্টাফের ১৫ সদস্য। বাকি সদস্যরা রওনা করবেন আগামী মঙ্গলবার। তবে এই দলের সঙ্গী হতে পারছেন না লিটন দাস। অজিদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের মাংসপেশিতে চোট পান তিনি। এই চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। সেরে উঠতে অন্তত দুই সপ্তাহ লাগবে। এ জন্য টেস্ট দলে নাম থাকলেও খেলতে পারবেন না লিটন। তার জায়গায় ডাক পেতে পারেন আরেক উইকেটরক্ষক-ব্যাটার মাহিদুল ইসলাম।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘লিটনকে নিয়ে অনিশ্চয়তা আছে। সে এখনো পুরোপুরি ফিট নয়। সেরে উঠতে আরও সময় লাগবে। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে তাকে পাওয়া যাবে না। এ জন্য বিকল্প হিসেবে আমরা মাহিদুল ইসলামের কথা চিন্তা করেছি।’
জিম্বাবুয়ে সফরে পূর্ণাঙ্গ তিন সংস্করণের আলাদা সিরিজ খেলবে বাংলাদেশ। দুই দলের লড়াই শুরু হবে টেস্ট দিয়ে। হারারের ম্যাচটি শুরু হবে আগামী ২৮ জুন। এ জন্য আগামীকাল দুপুর ২টায় টেস্ট দল ও সাপোর্ট স্টাফের যেসব সদস্য অস্ট্রেলিয়া সিরিজ এবং জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজে নেই, তারা ঢাকা ছাড়বেন। অস্ট্রেলিয়া সিরিজ শেষ হলে টেস্ট দল ও ওয়ানডে দলের কয়েকজন সদস্য মিলিয়ে সর্বমোট ২৪ জন আগামী মঙ্গলবার জিম্বাবুয়ের উদ্দেশে রওনা করবেন।
জানা গেছে, লিটনের জায়গায় অঙ্কন সুযোগ পেলেও তার একাদশে জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা আছে। তাওহীদ হৃদয় ও অমিত হাসানের মধ্যে একজন অথবা দুজনেরই অভিষেক হতে পারে জিম্বাবুয়ে টেস্টে। অমিত সিলেটে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচের প্রথমটিতে রান পেয়েছেন। এই ম্যাচের প্রথম তিন দিন বৃষ্টিতে পণ্ড হওয়ার পর গতকাল শেষ দিনে খেলা মাঠে গড়ায়। সেখানে ৯০ রানে অপরাজিত থাকেন অমিত। অঙ্কন খেলেন অপরাজিত ২১ রানের ইনিংস।
জিম্বাবুয়ের সফরের এই একমাত্র টেস্ট দিয়েই আসন্ন অস্ট্রেলিয়া সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে চান ক্রিকেটাররা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম বলেন, ‘জিম্বাবুয়ের কন্ডিশন অনেকটা অস্ট্রেলিয়ার মতো। এ জন্য সেখানে টেস্ট খেলে প্রস্তুতি নেওয়া যাবে।’ তবে চোটের কারণে এই প্রস্তুতির অংশ হতে পারছেন না লিটন।