ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী দেশের সবচেয়ে বড় শক্তি। সঠিক দক্ষতা ও সুযোগের মাধ্যমে তরুণরাই ভবিষ্যতে বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে দেশের প্রতিনিধিত্ব করবে। চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। গতকাল শনিবার চট্টগ্রাম নগরীর খুলশী কনভেনশন হলে অনুষ্ঠিত বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম) এর উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন।
সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা অংশ নেন। এ সময় মীর হেলাল চট্টগ্রাম অঞ্চলের ফ্রিল্যান্সারদের জন্য ‘ফ্রিল্যান্সার কার্ড’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো), বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর যৌথভাবে এ সামিটের আয়োজন করে। দিনব্যাপী আয়োজনে ছিল ক্যারিয়ার এক্সপো, সেমিনার, তথ্যপ্রযুক্তি অলিম্পিয়াড, নেটওয়ার্কিং কার্যক্রম এবং তরুণদের জন্য বিভিন্ন জ্ঞানভিত্তিক ও দক্ষতা উন্নয়নমূলক আয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আবদুল্লাহ আল মামুন, বাক্কো কার্যনির্বাহী কমিটির সভাপতি তানভীর ইব্রাহীম এবং সাধারণ সম্পাদক ফয়সল আলিম, সায়মা শওকত, রাশেদ মুজিব নোমান, এমরাজিনা ইসলাম, মো. মুসনাদ-ই-আহমদ প্রমুখ।