মালয়েশিয়ায় চিকিৎসারত প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে নিয়ে সুখবর দিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি লিখেছেন, মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
রবিবার (২১ জুন) সকালে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
পোস্টে তিনি উল্লেখ করেন, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস দেশবাসীর আন্তরিক দোয়া ও শুভকামনায় আগের তুলনায় অনেকটা সুস্থ রয়েছেন। তার সুস্থতা কামনায় যারা দোয়া করেছেন, তাদের সবার প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পোস্টে আরো বলা হয়, ইনশাআল্লাহ, পূর্ণ সুস্থতা লাভ করে তিনি অচিরেই পুনরায় জনগণের মাঝে ফিরে এসে দেশ ও জনগণের কল্যাণে তার দায়িত্ব ও কার্যক্রম যথারীতি অব্যাহত রাখবেন। মহান আল্লাহ তাআলার নিকট তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি।
উল্লেখ্য, গত ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। গত ১৪ এপ্রিল ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে সেখানে তিনি পূর্ণ বিশ্রামে রয়েছেন।