হুঁশিয়ারি সংরক্ষিত নারী এমপির

যে প্রশাসন বিএনপিকে পাত্তা দিচ্ছে না, তাকে রাখা হবে না

আপডেট : ২১ জুন ২০২৬, ১২:৫৩ পিএম

বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন এবং তাদের অবমূল্যায়ন কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুষ্টিয়া ২, ৩ ও ৪ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য মোছা. ফরিদা ইয়াসমিন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, নেতাকর্মীদের ওপর কোনো ধরনের অন্যায় বা নির্যাতন চালানো হলে সংশ্লিষ্ট প্রশাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার (২০ জুন) সন্ধ্যায় কুমারখালী ডাকবাংলোয় উপজেলা, পৌর ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় এমপি ফরিদা ইয়াসমিন প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা প্রশাসনকে বলবো না যে আপনারা কারো পক্ষে কাজ করুন। আপনারা জনগণের কল্যাণে কাজ করুন। তবে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন কোনোভাবেই টলারেট করা হবে না। কুমারখালী-খোকসাতে দায়িত্ব পালন করতে হলে বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়েই কাজ করতে হবে, এর কোনো বিকল্প নেই।’

প্রশাসনের একাংশের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমার নেতাকর্মীরা বিগত ২০ বছর ধরে নির্যাতিত ও বঞ্চিত হয়েছে। এখন কেন সেই পরিস্থিতির পুনরাবৃত্তি হবে? কোনো কর্মকর্তা যদি ষড়যন্ত্র করে নেতাকর্মীদের হয়রানি করতে চান, তবে তাকে এখানে রাখা হবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমার দায়িত্ব।’

বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা যখন বিরোধী দলে ছিলাম, তখন রাজনীতি করার ন্যূনতম স্পেসও পাইনি। অথচ আপনারা এখন সুখে-শান্তিতে আছেন। আমাদের নেতাকর্মীদের দিকে বাঁকা চোখে তাকাবেন না। সোজা পথে হাঁটলে আপনারা শান্তিতে থাকতে পারবেন, নতুবা কঠোর পরিণতি ভোগ করতে হবে।’

নিজের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমি সবাইকে এক ছাতার নিচে আনতে চাই। যদি কেউ অসহযোগিতা করেন, তবে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে বাধ্য হবো। আমি লড়াই-সংগ্রাম করে রাজনীতিতে এসেছি, কারো তোয়াজ করে নয়। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।’

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও কুষ্টিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাতিল মাহমুদের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ আব্দুর রাজ্জাক বাচ্চু, কুমারখালী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম লিপন, পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম আলম টমেসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত