অতিরিক্ত ভাড়া আদায় অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির বিরুদ্ধে মামলা

আপডেট : ২১ জুন ২০২৬, ০৬:৩৮ পিএম

রোগী ও মৃত ব্যক্তির স্বজনদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়, বাইরের গাড়ি প্রবেশে বাধা, প্রতারণা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি ও চালকদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

রবিবার (২১ জুন) পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ উদ্দিন সরদার বাদী হয়ে এ মামলা করেন। মামলায় চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি ও অ্যাম্বুলেন্স চালকদের মধ্যে অজ্ঞাতনামা ৩০ জনকে আসামি করা হয়।

গত ৭ জুন বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পূর্ব গেটের ভেতরে এনসিপির মানববন্ধনে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যান। হামলায় চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সদস্যসচিব আশিকুর রহমান আশিক, যুগ্ম সদস্যসচিব আসিফ চৌধুরী ও সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন মারুফসহ কয়েকজন আহত হন।

এজাহারে উল্লেখ করা হয় চমেক হাসপাতাল এলাকায় সক্রিয় একটি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট রোগী ও মৃত ব্যক্তির স্বজনদের কাছ থেকে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করে আসছে। বাইরের বৈধ অ্যাম্বুলেন্স ও অন্যান্য গাড়ি হাসপাতাল চত্বরে প্রবেশে বাধা দেওয়া হয়। এমনকি ফিটনেস ও রুট পারমিটবিহীন সাধারণ মাইক্রোবাসে নীল বাতি ও সাইরেন লাগিয়ে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করে প্রতারণার অভিযোগও রয়েছে।

প্রসঙ্গত, ফেসবুক ও গণমাধ্যমে প্রকাশিত ভিডিও প্রতিবেদনের ভিত্তিতে বিষয়টি আদালতের নজরে আসে। গত ৮ জুন চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন আদালত সিএমপির উত্তর বিভাগের অতিরিক্ত উপকমিশনারকে তদন্তের নির্দেশ দেন। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর পাঁচলাইশ থানাকে মামলা  নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত