কথোপকথন ফাঁস

শাহজাহান চৌধুরী এমপিকে গুলির পরিকল্পনা!

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৭:১৯ পিএম

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসন থেকে নির্বাচিত জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুহাম্মদ শাহজাহান চৌধুরীকে গুলি  করার পরিকল্পনার একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। এতে দুই ব্যক্তির কথোপকথনে নিজের নির্বাচনী এলাকার অংশ লোহাগাড়ায় যেতে বাধা দিতে তার পায়ে গুলি করার পরিকল্পনার কথা শোনা গেছে।

শুক্রবার ( ১৯ জুন) বিকেলে এ বিষয়ে নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল।

তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অডিওর বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যথাযথ তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অডিওর কথোপকথনের দুই ব্যক্তির একজন শাহজাহান চৌধুরীর এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত আরমান উদ্দিন এবং অন্যজন তরিকুল নামে এক বিএনপি নেতা বলে বিভিন্ন সূত্র দাবি করছে। তবে এবিষয়ে বক্তব্য জানার জন্য আরমান উদ্দিনের ফোনে কয়েকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ফেসবুকে ছড়িয়ে পড়া অডিওতে কথোপকথনরত দুই ব্যক্তির একজনকে বলতে শোনা যায়, লোহাগাড়ায় এমপি কেন আসবে? এলে পায়ে গুলি করে জিজ্ঞেস করবো কেন এসেছে। লোহাগাড়ার এমপি আরমান সাহেব, এখানে আরমান সাহেবের কথাই চলবে। জবাবে আরেকজনকে বলতে শোনা যায়, এমপিকে তো লোহাগাড়ায় না আসতে বলেছি। তারপরও লোকজনের জ্বালায় আসে।

ফাঁস হওয়া অডিও নিয়ে সাতকানিয়া-লোহাগাড়ার লোকজনের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

 

 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত