ব্র্যাক ব্যাংকে দেড় বিলিয়ন ডলার রেমিট্যান্স

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৭:৪৪ এএম

চলতি বছরের প্রথম পাঁচ মাসেই দেড় বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এনেছে ব্র্যাক ব্যাংক। ফলে, রেমিট্যান্স সংগ্রহে ব্যাংকটি আগের বছরের একই সময়ের তুলনায় ৭৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। গতকাল সোমবার ব্যাংকটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলোচ্য সময়ে প্রায় ১৫ লাখ প্রবাসী বাংলাদেশি তাদের পরিবারের কাছে টাকা পাঠানোর জন্য ব্র্যাক ব্যাংকের ওপর আস্থা রেখেছেন। এই রেমিট্যান্সের টাকা বাংলাদেশের লাখ লাখ পরিবারের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখছে।

ব্যাংকের এ অর্জন প্রমাণ করে, প্রবাসী বাংলাদেশি এবং বিশ্বব্যাপী এক্সচেঞ্জ হাউসগুলোর কাছে ব্র্যাক ব্যাংকের রেমিট্যান্স সেবা কতটা নির্ভরযোগ্য হয়ে উঠেছে। দেশের মানুষের দৈনন্দিন জীবিকা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের খরচ জোগানোর পাশাপাশি দেশের অর্থনীতিকে সচল রাখতে ব্র্যাক ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

ব্র্যাক ব্যাংক মনে করে, রেমিট্যান্স প্রেরক ও সুবিধাভোগীদের জন্য বিশেষায়িত সেভিংস অ্যাকাউন্ট ও প্রোডাক্ট চালুর মাধ্যমে ব্র্যাক ব্যাংক নিজেদের রেমিট্যান্স ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করেছে। গ্রাহকরা ব্যাংকের সম্পূর্ণ ডিজিটাল অনবোর্ডিং প্ল্যাটফর্মের মাধ্যমে মাত্র কয়েক মিনিটে এসব অ্যাকাউন্ট খুলতে পারেন এবং ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’-এর মাধ্যমে সহজেই পরিচালনা করতে পারেন। এই বিশেষ অ্যাকাউন্টগুলোর সবচেয়ে বড় সুবিধা হলোÑ অ্যাকাউন্টে যত টাকাই থাকুক না কেন, গ্রাহকরা একটি নির্দিষ্ট হারে মুনাফা পাবেন। আর এই মুনাফা দেওয়া হবে প্রতি মাসে, যা গ্রাহকদের দৈনন্দিন জীবনে বাড়তি সুবিধা নিশ্চিত করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন রেমিট্যান্স করিডরে কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি বিদ্যমান পার্টনারদের সঙ্গে উদ্ভাবনী হোস্ট-টু-হোস্ট প্রযুক্তিগত সংযোগ জোরদারের মাধ্যমে ব্র্যাক ব্যাংক গুরুত্বপূর্ণ বৈদেশিক গন্তব্যগুলো থেকে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। দেশজুড়ে ৩১০টি শাখা ও উপশাখা এবং ১ হাজার ১১৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে ব্যাংকটি প্রবাসীদের প্রেরিত অর্থ তাদের পরিবারের কাছে পৌঁছে দিচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত