বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নৌবাহিনীর ব্যবস্থাপনায় গতকাল সোমবার উদযাপিত হয়েছে ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে নৌবাহিনী জাহাজ-বানৌজা ঢাকার মাল্টিপারপাস হলে সেমিনারের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া সেমিনারে সমুদ্রবিষয়ক বিভিন্ন সংস্থার সদস্যবৃন্দ, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, হাইড্রোগ্রাফি ও ওশানোগ্রাফি বিষয়ে বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং গবেষণা সংস্থার ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
‘সামুদ্রিক তথ্য আদান-প্রদানের ধারণায় আমূল পরিবর্তন’ এ প্রতিপাদ্য বিষয়ে এ বছর ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৬’ উদযাপিত হচ্ছে। এর মাধ্যমে সমুদ্রসংক্রান্ত তথ্যের আধুনিক, সমন্বিত ও কার্যকর ব্যবস্থাপনায় হাইড্রোগ্রাফির গুরুত্বপূর্ণ ভূমিকা ফুটিয়ে তোলা হয়েছে। সমুদ্রে দেশি-বিদেশি জাহাজগুলোর নিরাপদ চলাচল, সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহার, ব্লু ইকোনোমির বিকাশ এবং সমুদ্রভিত্তিক পরিকল্পনা প্রণয়নে হাইড্রোগ্রাফিক তথ্য-উপাত্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেমিনারে বক্তারা সমুদ্র সম্পর্কিত তথ্যের যথাযথ ব্যবস্থাপনা ও কার্যকর আদান-প্রদানের মাধ্যমে সমুদ্রসম্পদের নিরাপদ, টেকসই ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। আইএসপিআর