কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর সীমান্ত এলাকার একটি বাড়ির ধানের গোলা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করেছে পুলিশ। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে প্রসাধনি ও খাদ্যদ্রব্য।
গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার ভুরুঙ্গামারী সার্কেলের নেতৃত্বে সোমবার (২২ জুন) বিকালে নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম ঝাউকুটির চোরাকারবারি জহুরুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় জহুরুলের বাড়ির ধানের গোলায় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস,পাপড় ও প্যান্ট পিস পাওয়া যায়। পরে সেগুলো উদ্ধার করে থানায় আনা হয়।
এসময় চোরাকারবারি জহুরুল বাড়িতে উপস্থিত না থাকায় তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানায় পুলিশ।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, নারায়ণপুর ইউনিয়ন একটি দুর্গম এলাকা। পুলিশ সেখানে খুব সহজে যেতে পারে না। নদী আর চরবেষ্টিত সীমান্ত সংলগ্ন এই ইউনিয়ন চোরাকারবারিদের ট্রানজিট। এখানে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।