প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ইউপি মেম্বারকে গণপিটুনি

আপডেট : ২২ জুন ২০২৬, ০৭:৩৯ পিএম

কুড়িগ্রামের রৌমারীতে গভীর রাতে এক প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয় জনতা তাকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে থানায় নিয়ে আসে।

সোমবার (২২জুন) সকালে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পূর্ব কাউয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক জাকির হোসেন (৪৫) দাঁতভাঙা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার গভীর রাতে জাকির হোসেন ওই এলাকার এক প্রবাসীর বাড়ির টিনের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি অস্ত্রের ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। ওই নারীর চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগি‌য়ে এসে তাকে আটক করেন। পরে ঘটনাটির এক‌টি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভুক্তভোগী নারীর অভিযোগ, জাকির হোসেন দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনার রাতেও তিনি জোরপূর্বক ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন।

এ বিষ‌য়ে দাঁতভাঙা ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান রেজাউল করিমের স‌ঙ্গে যোগা‌যোগ করার চেষ্টা করা হ‌লে তা‌কে পাওয়া যায়‌নি।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন, অভিযুক্ত ইউপি সদস্য বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত