সন্ত্রাস দমনে গত ২০ দিন ধরে চলা খুলনায় যৌথ বাহিনীর অভিযানে একের পর এক চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার হচ্ছে। তারই ধারাবাহিকতায় সন্ত্রাসের অভয়ারণ্য হিসেবে পরিচিত খুলনার লবনচরায় আরও এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সন্ত্রাসীর নাম মো. পারভেজ গাজী (৩২) ওরফে শুটার পারভেজ। সে খুলনার আরেক শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের অন্যতম শুটার হিসেবে পরিচিত। গত সোমবার দিবাগত রাত তিনটায় নগরীর লবণচরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পারভেজ নগরীর লবণচরা থানার মোক্তার হোসেন রোডের ৭ নম্বর গলির নূর ইসলাম গাজী ওরফে নরু ইসলামের ছেলে। তার নামে এলাকায় প্রকাশ্যে গুলি করার অভিযোগ আছে।
লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দিবাগত ৩টায় অভিযান চালিয়ে নগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান শুটার মো. পারভেজ গাজী ওরফে পারভেজকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তার পারভেজ একাধিক মামলার আসামি।
পুলিশের একাধিক সূত্র জানায়, পারভেজ গত ২১মে দুপুরে মোটরসাইকেলে এসে নগরীর লবণচরা থানার পুটিমারী বাজারের পার্শ্ববর্তী স্থানীয় ওয়ার্ড বিএনপি কার্যালয়ে প্রবেশ করে। এরপর সে ওই অফিসে থাকা যুবদল নেতা এবং পুটিমারী বাজার কমিটির সভাপতি মাসুম বিল্লাহ ও জাহিদকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। গুলিতে এই দুইজন গুরুতর আহত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত সন্ত্রাসী পারভেজকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।