মাজারে অভিযান হলে মাদরাসার অভিযোগও তদন্ত করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী।
তিনি বলেন, মাজারে মাদক সেবনের অভিযোগ তুলে যদি অভিযান চালানো হয়,তাহলে যেসব মাদরাসায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, সেসব মাদরাসায়ও সমানভাবে তদন্ত করা উচিত। আমরা স্বচ্ছতা ও আদর্শিক জবাবদিহিতা চাই।
মঙ্গলবার (২৩ জুন) রাতে চট্টগ্রামের আনোয়ারায় উপজেলার ওষখাইন আলী নগর দরবার শরীফে অনুষ্ঠিত শোহাদায়ে কারবালা মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী বক্তা তাহেরী বলেন,দীর্ঘদিন ধরে মাজারের দানবাক্স ও এর ব্যবস্থাপনা সংশ্লিষ্ট খাদেম বা উত্তরাধিকারীদের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে। তার মতে,মাজার রাষ্ট্রীয় সম্পদ নয়;তবে দানের টাকা ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন। জনগণের দেওয়া অর্থ সুষম বণ্টন নীতির আওতায় মাজার,খানকাহ, মাদরাসা ও এতিমখানার কল্যাণে ব্যয় হওয়া উচিত
ওষখাইন আলী নগর দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহসুফি মোহাম্মদ ইলিয়াছ রজার সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন শিল্পপতি মোহাম্মদ শাহেদ, মাওলানা এনাম রেজা কাদেরী, মুফতি আবুল মনসুর রেজভী, শাহজাদা আবদুল কাদের চাঁদ মিয়া, হাসান জিয়াউল ইসলাম ও শাহজাদা নেছার মিয়া।