ফটিকছড়ি

ইয়াবা-গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

আপডেট : ২৫ জুন ২০২৬, ০২:৪৩ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে ইয়াবা ও গাঁজাসহ বাবা ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট সদরের সানমুন ক্লাব সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন উপজেলার মানিকপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আজম ও তার ছেলে ফাহিম।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তারা বিবিরহাটসহ ফটিকছড়ির বিভিন্ন এলাকায় গোপনে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। অভিযানের সময় তাদের দেহ তল্লাশি করে ৪৩ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, বাবা ও ছেলের নেতৃত্বে একটি মাদক সিন্ডিকেট সক্রিয় ছিল। যা এলাকার যুবসমাজকে বিপথগামী করে তুলছিল। তাদের গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ফটিকছড়িকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত