পটিয়ায় ছিনতাইয়ের ঘটনায় মূল আসামি গ্রেপ্তার

আপডেট : ২৬ জুন ২০২৬, ০১:১৬ এএম

চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের অভিযানে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জুন রাতে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের শাহগদী মার্কেটসংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আসামি মোহাম্মদ শাহিন আলম (২৩)সহ মোট চারজন দুর্ধর্ষ ছিনতাইকারী রনি দাশ (৩০) ও তানভীর হোসেন (২২) নামে দুই মোটরসাইকেল আরোহীকে ধারালো দা ও চাইনিজ কুড়াল দিয়ে গুরুতর জখম করে। পরে তারা একটি মোটরসাইকেল, একটি ক্যামেরাসহ লেন্স এবং একটি মোবাইল ফোন সেট ছিনতাই করে নিয়ে যায়। লুণ্ঠিত মালামালের আনুমানিক মূল্য প্রায় সাত লাখ টাকা।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোর রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার ঘটনায় জড়িত মূল আসামি মোহাম্মদ শাহিন আলম (২৩)-কে কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশ। তিনি চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা খামারপাড়া এলাকার মো. পারভেজের ছেলে।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, পটিয়ায় ছিনতাইয়ের ঘটনায় চকরিয়া থেকে মূল আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন কালো রঙের মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়।

তিনি আরও জানান, আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। মামলার সঙ্গে জড়িত অন্যান্য আসামি এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত