মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টা, আনসার সদস্যদের সাহসিকতায় রক্ষা

আপডেট : ২৬ জুন ২০২৬, ০২:০২ পিএম

কক্সবাজারের মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রে (সিপিজিসিবিএল) মধ্যরাতে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র ডাকাত দল প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে মূল্যবান মালামাল লুটের চেষ্টা চালায়। তবে কর্তব্যরত আনসার সদস্যদের সাহসিকতা ও তিন রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের মুখে সেই চেষ্টা নস্যাৎ হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) রাত আনুমানিক সোয়া এগারোটায় এ ঘটনা ঘটে। 

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের ‘মগ ডেইল ও রাঙ্গাখালী’ বাঁধ পোস্টের মধ্যবর্তী এলাকায় হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র, ছুরি ও রামদা নিয়ে প্রাচীর টপকে ভেতরে ঢোকে ২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল। তাদের মূল লক্ষ্য ছিল প্রকল্পের মূল্যবান রাষ্ট্রীয় সম্পদ ও স্ক্রাব লোহা লুট করা।

ডাকাতরা যখন আনুমানিক ১০০০ থেকে ১২০০ কেজি ওজনের লোহার স্ক্রাব নিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই বিষয়টি কর্তব্যরত আনসার সদস্যদের নজরে আসে। খবর পেয়ে স্ট্রাইকিং ফোর্সের এপিসি মো. শামীম উদ্দীন, আনসার মো. নবী মিয়া ও আনসার মো. মাঈন উদ্দীন দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

আনসার সদস্যরা মালামাল উদ্ধারের চেষ্টা করলে ডাকাত দল তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা হামলার চেষ্টা চালায়। এ সময় জাতীয় সম্পদ রক্ষা এবং আত্মরক্ষার্থে আনসার সদস্যরা মোট ৩ রাউন্ড (২টি সিসা ও ১টি রাবার বুলেট) ফাঁকা ফায়ার করেন। গুলির শব্দে ডাকাত দল মালামাল ফেলে রেখেই ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

সদস্যদের দৃঢ়তায় বড় ধরনের ডাকাতির হাত থেকে রক্ষা পেয়েছে এই মেগা প্রকল্পের জাতীয় সম্পদ। উদ্ধারকৃত মালামাল ইতোমধ্যেই বিদ্যুৎ প্রকল্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। আনসার বাহিনীর এই সাহসিকতা ও তাৎক্ষণিক পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছে প্রকল্প কর্তৃপক্ষ।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ দেশের সব গুরুত্বপূর্ণ কেপিআই (KPI) ও সরকারি-বেসরকারি স্থাপনার নিরাপত্তায় যেকোনো অপতৎপরতা রোধে বাহিনীর সদস্যদের "জিরো টলারেন্স" নীতি অনুসরণের নির্দেশ দিয়েছেন। মাতারবাড়ীর এই ঘটনা সেই নির্দেশ বাস্তবায়নে মাঠপর্যায়ের আনসার সদস্যদের পেশাদারিত্ব ও দৃঢ়তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত