আওয়ামী লীগ দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিল: রাশেদ

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৬:০৬ পিএম

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খাঁন বলেছেন, বিগত ১৮ বছরে আওয়ামী লীগ সরকার দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিল। এ কারণেই বাংলাদেশ চীনের মতো উন্নয়নের পথে এগোতে পারেনি।

শনিবার (২৭ জুন) ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, যারা আজ দাবি করছেন বিএনপি সরকার ভারতের দালালি করছে, তারা ভুল প্রমাণিত হয়েছেন। তার ভাষ্য, বিএনপি ভারতের দালালি করলে সরকারপ্রধান চীন সফরের আগে ভারত সফর করতেন।

তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী ও বন্ধুরাষ্ট্র। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ইচ্ছা রয়েছে। তবে কোনো ধরনের আধিপত্য বা দাদাগিরি মেনে নেওয়া হবে না। তিনি দাবি করেন, বর্তমান সময়ে সীমান্তে বিজিবি আগের তুলনায় আরও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

জামায়াত ও এনসিপির নেতাদের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, যারা আজ সরকার পতনের হুমকি দিচ্ছেন, তারা দীর্ঘ ১৭ বছর নিজেদের দলীয় কার্যালয়ের তালাও খুলতে পারেনি। তিনি এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর সমালোচনা করে অভিযোগ করেন, ইউনুস সরকারের সময়ে সরকারি বরাদ্দ নিজের এলাকায় নেওয়া দুর্নীতির শামিল।

পুশ ইন ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তে বিজিবি এখন চোখে চোখ রেখে জবাব দিচ্ছে। বিএনপি কোনো দেশের দালালি করে না-না ভারতের, না পাকিস্তানের।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত