ইরানের হামলার পর পাল্টা বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৩:৩১ এএম

হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে হামলার পর ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইরান ‘বোকামিপূর্ণ’ পদক্ষেপ নিয়েছে। এরপরই এই সামরিক অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) একমুখী (ওয়ান-ওয়ে) আক্রমণকারী ড্রোন দিয়ে পণ্যবাহী জাহাজটিতে হামলা চালানো হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ঘটনার পর ওই অঞ্চলে আটকে থাকা ১১ হাজারের বেশি নাবিককে সরিয়ে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়।

এর জবাবে শুক্রবার (২৬ জুন) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।

হামলার ঘোষণা দেওয়ার ঠিক আগে প্রেসিডেন্ট ট্রাম্পকে সাংবাদিকেরা জিজ্ঞাসা করেছিলেন, ইরানের এই হামলার জবাব দেবে কি না যুক্তরাষ্ট্র। জবাবে তিনি শুধু বলেন, ‌‘আপনারা দেখবেন।’

সেন্টকম তাদের বিবৃতিতে এই সামরিক অভিযানকে ড্রোন হামলার ‘জোরালো জবাব’ হিসেবে উল্লেখ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাণিজ্যিক নৌপরিবহনের বিরুদ্ধে ইরানি বাহিনীর অযৌক্তিক আগ্রাসন স্পষ্টভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এ ছাড়া ইরানের বিপজ্জনক আচরণ নৌচলাচলের স্বাধীনতাকে ক্ষুণ্ন করেছে, অথচ এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ দিয়েই ক্রমবর্ধমান বৈশ্বিক বাণিজ্য পরিচালিত হচ্ছে।

সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সমন্বয় ও সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করার পর তেহরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। বিশ্বে তেল ও গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যায়। একই সঙ্গে সারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্যের সরবরাহও ব্যাহত হয়।

পরবর্তীতে গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরান ১৪ দফার একটি সমঝোতা স্মারকের আওতায় সংঘাত বন্ধে সম্মত হয়। ওই সমঝোতায় ইরানকে ৬০ দিনের জন্য কোনো ধরনের ফি ছাড়াই বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করার কথাও উল্লেখ ছিল।

সূত্র: বিবিসি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত