চাকরির স্থায়ীকরণ, অর্গানোগ্রাম পুনর্গঠন এবং আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ বন্ধসহ ১২ দফা দাবি বাস্তবায়নের দাবি জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)-এর কর্মকর্তা-কর্মচারীরা। এ উপলক্ষে ভোলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তারা।
শনিবার (২৭ জুন) সকালে ভোলা ওজোপাডিকো কার্যালয় প্রাঙ্গণে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এ কর্মসূচির আয়োজন করে। এতে বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী, পিচরেট শ্রমিক এবং ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভোলা শাখা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি এস এম সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহসহ সংগঠনের অন্য নেতারা।
বক্তারা বলেন, প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও লাভজনক করতে হলে দক্ষ জনবল নিয়োগ, অর্গানোগ্রাম সংশোধন এবং শূন্য স্থায়ী পদ পূরণের বিকল্প নেই। একই সঙ্গে নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতা নিশ্চিত, বেতন-ভাতাসহ বিদ্যমান বৈষম্যের অবসান এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জানান তারা।
তারা আরও বলেন, শ্রম আইন, বিধিমালা, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর কনভেনশন, সার্বজনীন মানবাধিকার ঘোষণা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) আলোকে কর্মপরিবেশ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত, পেশাগত স্বাস্থ্য সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি মতাদর্শগত ভিন্নতার কারণে কোনো কর্মচারী যেন চাকরির সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়েও জোর দেন তারা।
সমাবেশ থেকে নেতারা অস্থায়ী ও আউটসোর্সিং ভিত্তিক নিয়োগ ব্যবস্থা বাতিল করে স্থায়ী নিয়োগ চালু, পে-স্কেল বাস্তবায়ন এবং ঘোষিত ১২ দফা দাবি দ্রুত কার্যকরের জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।