জ্বলেপুড়ে ছারখার ইউরোপ, তাপমাত্রা ছাড়াল ৪০ ডিগ্রি

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৮:২৭ এএম

ইউরোপজুড়ে দাবদাহের প্রকোপে বিপর্যস্ত জনজীবন। স্ক্যান্ডিনেভিয়া থেকে আল্পস পর্বতমালা পর্যন্ত বিস্তৃত এই তীব্র তাপপ্রবাহে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে রেকর্ড গড়েছে। বিশেষজ্ঞরা একে কেবল গ্রীষ্মের স্বাভাবিক উষ্ণতা নয়, বরং একটি বড় ধরনের ‘স্বাস্থ্য সংকট’ হিসেবে অভিহিত করেছেন।

শনিবার (২৭ জুন) জার্মানি, ডেনমার্ক এবং চেক প্রজাতন্ত্রে সর্বকালের সবোর্চ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে। সুইজারল্যান্ডে জুনের নতুন রেকর্ড তাপমাত্রা পরিমাপ করা হয়েছে। এর আগে, সপ্তাহজুড়ে ফ্রান্স ও ব্রিটেনেও তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের মোকার্ন-ড্রেউইটজ এলাকায় তাপমাত্রা ৪১.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা একদিন আগের ৪১.৩ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। ডেনমার্কের আরহাস শহরের উত্তরে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, যা ১৮৭৪ সালে তাপমাত্রা পরিমাপ শুরুর পর সর্বোচ্চ। একইভাবে চেক প্রজাতন্ত্রের প্রাগের উত্তরে তাপমাত্রা ৪০.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভাতে শুক্রবার রাতের তাপমাত্রা ছিল ইতিহাসের সর্বোচ্চ।

বিজ্ঞানীদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন ছাড়া এই তীব্র দাবদাহ প্রায় অসম্ভব ছিল। গত দুই দশকের তুলনায় এ সপ্তাহের রাতের তাপমাত্রা ১০০ গুণ বেশি হওয়ার পেছনেও জলবায়ু পরিবর্তন দায়ী। ইউরোপের এই অসহনীয় গরমের নেপথ্যে রয়েছে ‘ওমেগা ব্লক’ নামের এক বিরল আবহাওয়া পরিস্থিতি। গ্রিক বর্ণ ওমেগার আকৃতির এই আবহাওয়া প্যাটার্নটি উত্তপ্ত বাতাসের বিশাল একটি বলয়কে কোনো নির্দিষ্ট অঞ্চলের ওপর দীর্ঘ সময় আটকে রাখে, ফলে তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছায়।

তীব্র গরমে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাস্তাঘাট ফেটে যাওয়া এবং ট্রেনের লাইন বেঁকে যাওয়ার আশঙ্কায় বিভিন্ন দেশে পরিবহন ব্যবস্থা সীমিত করা হয়েছে। জার্মানির ডয়চে বান রেলওয়ে যাত্রীদের আগামী সপ্তাহের শুরু পর্যন্ত দীর্ঘপাল্লার টিকিট বাতিলের সুযোগ দিয়েছে। ন্যাশনাল এক্সপ্রেস নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যে বেশ কিছু ট্রেন চলাচল বন্ধ রেখেছে। হামবুর্গের কাছে একটি ব্যস্ত মহাসড়কে রাস্তা ফেটে যাওয়ায় আংশিক যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিদ্যুতের চাহিদার চাপে হাঙ্গেরির পাকস পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও সুইজারল্যান্ডের বেজনাউ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন সাময়িকভাবে কমানো বা বন্ধ রাখা হয়েছে।

ফ্রান্সে গরমে বয়স্ক ও শিশুসহ বহু মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে স্কুল বন্ধ রাখা, অ্যালকোহল বিক্রি সীমিত করা এবং বাইরের সব আয়োজন স্থগিত করা হয়েছে। ইতালির মিলান, রোম, তুরিন, ভেনিসসহ ১৮টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দেশটির প্রধান নদী পো-এর পানির প্রবাহ নাটকীয়ভাবে কমে যাওয়ায় সমুদ্রের নোনা পানি স্থলভাগের ভেতরে ঢুকে পড়েছে, যা কৃষি ও বাস্তুসংস্থানের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বার্লিনে তাপমাত্রা ৩৯ ডিগ্রিতে পৌঁছালে তাপমাত্রা কমাতে পুলিশ রাস্তায় ওয়াটার ক্যানন ব্যবহার করে পানি ছিটিয়ে লোকজনকে স্বস্তি দেওয়ার চেষ্টা করেছে।

দাবদাহের কারণে ইউরোপের বিভিন্ন দেশে সাংস্কৃতিক ইভেন্ট ও খেলাধুলায় পরিবর্তন আনা হয়েছে। মিলানে প্রাইড মার্চ বিকেল ৫টা পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। ফ্রাঙ্কফুর্টে রবিবার (২৮ জুন) আয়োজিত আয়রনম্যান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রায়াথলনের সাইক্লিং ও দৌড়ের দূরত্ব কমিয়ে আনা হয়েছে।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তের শেষভাগে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। অনেক অঞ্চলে ঝোড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই তাপপ্রবাহে জনজীবন ও অবকাঠামোর যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে বেশ সময় লাগবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: রয়টার্স

×
সর্বশেষ সর্বাধিক পঠিত