সাতক্ষীরায় চুরির সন্দেহে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যা

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পিএম

সাতক্ষীরার তালায় মাছ চুরির সন্দেহে ক্ষিতিশ মন্ডল (৫২) নামের এক মৎস্যজীবীকে গাছে বেঁধে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১২টার দিকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ক্ষিতিশ মন্ডল তালা সদর ইউনিয়নের জেয়ালা গ্রামের মৃত মনিন্দ্র নাথ মন্ডলের ছেলে। তিনি নিজেও একজন ঘের ব্যবসায়ী ছিলেন।

নিহতের স্বজন পার্থ মন্ডল জানান, শুক্রবার ভোরে জেয়ালা উত্তর খোলা বিলে বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে চুরির সন্দেহে ক্ষিতিশ মন্ডলকে আটক করা হয়। পরে স্থানীয় বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, সমর ঘোষ, ইব্রাহিম খাঁ, হাবিবুর গাজী ও গফফার শেখসহ ১০ থেকে ১৫ জন তাকে জেয়ালা শ্মশানঘাট এলাকায় নিয়ে যান। সেখানে একটি গাছের সঙ্গে বেঁধে তার ওপর রাতভর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের অভিযোগ, নির্যাতনের সময় ক্ষিতিশের হাত-পা ভেঙে দেওয়া হয়। এ ছাড়া তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় এবং চোখ উপড়ে ফেলার চেষ্টা করা হয়। শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয়দের সহায়তায় মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই পার্থ মন্ডল বলেন, ‘ক্ষিতিশ মন্ডলের নিজেরই চার বিঘা জমির মাছের ঘের রয়েছে। একজন ঘের ব্যবসায়ীকে চুরির অপবাদ দিয়ে এভাবে গাছে বেঁধে পিটিয়ে হত্যা করা হলো? আমরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী জানান, খবর পেয়ে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে, এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা শাখার সদস্যসচিব অ্যাডভোকেট মনিরুদ্দিন এবং মানবাধিকারকর্মী পবিত্র কুমার দাস। তারা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত