কনসার্ট বাতিলে হতাশ কেটি পেরি

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৭:৪৮ পিএম

সবকিছু ঠিকঠাক থাকলেও দুযোর্গপূর্ণ আবহাওয়ার কারণে বাতিল করা হলো মার্কিন পপস্টার কেটি পেরির বহুল প্রতীক্ষিত কনসার্ট। কথা ছিল বেলজিয়ামের ঐতিহ্যবাহী ‘ভেরখটার বুটিক’ উৎসবে পারফর্ম  করবেন কেটি। কিন্তু ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কায় দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আয়োজনটি স্থগিত করে কর্তৃপক্ষ। 

কনসার্ট বাতিলের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উদ্দেশে এক আবেগঘন বার্তা দেন কেটি পেরি। তিনি লেখেন, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি বৈরী আবহাওয়া এবং দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সরকারি নির্দেশনায় আজ রাতে ‘ভেরখটার বুটিক’ শো-টি বাতিল করা হয়েছে। খবরটি যখন আমার কাছে আসে, তখন মঞ্চের পেছনে মেকআপ নিচ্ছিলাম। দুর্ভাগ্যবশত তারা আমাকে আর কোনো কিছু বলেনি।’ 

হতাশা প্রকাশ করে তিনি আরো লেখেন, ‘আপনাদের মতো আমিও ভীষণ মনঃক্ষুণ্ণ হয়েছি। বিষয়টি সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল। তবে ৫৫ হাজার মানুষের নিরাপত্তা সবসময় আমার কাছে সবার আগে। আবহাওয়া পরিবর্তনের ক্ষমতা আমার নেই। তবে আজ রাতে আপনাদের সঙ্গে গান গাইতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই নিরাপদে বাড়ি ফিরুন।’ 

দীর্ঘ ১৭ বছর পর ‘ভেরখটার বুটিক’ উৎসবে পারফর্ম করার কথা ছিল কেটি পেরির। এর আগে সর্বশেষ ২০০৯ সালে এই মঞ্চে গান গেয়েছিলেন তিনি। তাই এবারের আয়োজন ঘিরে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। 

উৎসব কর্তৃপক্ষের বরাত দিয়ে কেটি জানান, জনপ্রিয় র‍্যাপার ও গায়ক পিটবুলের পরিবেশনার পরপরই পুরো উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়। ওই দিনের লাইনআপে পিটবুল ছাড়াও মিকা, পমেলিন থাইস, জেমস আর্থার, রক্সি ডেকার এবং এমি ডি’আর্কের পারফর্ম করার কথা ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত