ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসির ৩৯তম বার্ষিক সাধারণ সভা গতকাল সোমবার কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় উল্লেখযোগ্য সংখ্যক পরিচালক এবং শেয়ারহোল্ডার যোগদান করেন। মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেয়ারহোল্ডারদের সম্মুখে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।
সভায় পরিচালকদের প্রতিবেদন, ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষকের প্রতিবেদনসহ কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন করা হয় এবং শেয়ারহোল্ডারদের অনুমোদন গ্রহণ করা হয়। পরিচালনা পর্ষদের সুপারিশক্রমে ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ শুধুমাত্র পাবলিক শেয়ারহোল্ডারদের জন্য সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় ২০২৬ সালের আর্থিক বিবরণী নিরীক্ষক এবং করপোরেট গভর্নেন্স কমপ্ল্যায়েন্স নিরীক্ষক নিয়োগের বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন গ্রহণ করা হয়।
সভায় চেয়ারম্যান জানান, ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স ২০২৫ সালে ৯৬৯ মিলিয়নের অধিক টাকা প্রিমিয়াম আয় করেছে। প্রতিষ্ঠার শুরু থেকে ইষ্টল্যান্ড ২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত মোট ৪ হাজার ৩৬৪ মিলিয়ন টাকা বীমা দাবি পরিশোধ করেছে। এ সময় তিনি কোম্পানির বিভিন্ন বিষয়ে কথা বলেন।