বিপিসির চেয়ারম্যানের অপসারণ দাবি

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৭:২৮ এএম

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রধান কার্যালয় চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তরের উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়ে এ সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার এবং বিপিসির চেয়ারম্যান মুহাম্মদ রেজানুর রহমানের অপসারণ দাবি করেছে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি।

সংগঠনের স্থায়ী পরিষদের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান এসএম নুরুল হক, মহাসচিব এইচএম মুজিবুল হক শাকুর, অর্থ সম্পাদক লায়ন মুহাম্মদ নুরুল আলম এবং সাংগঠনিক সম্পাদক জিকরুল হাবিবিল ওয়াহিদ গতকাল সোমবার এক বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে নেতারা বলেন, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ব্যবসায়ী সমাজ ও চট্টগ্রামবাসীকে আশ্বস্ত করেছিলেন বিপিসির প্রধান কার্যালয় চট্টগ্রামেই থাকবে। কিন্তু সেই আশ্বাস ও নির্দেশনাকে উপেক্ষা করে বিপিসির চেয়ারম্যান প্রধান কার্যালয় ঢাকায় স্থানান্তরের উদ্যোগ নিয়েছেন, যা চট্টগ্রামবাসীর সঙ্গে প্রতারণার শামিল। তারা বলেন, পাকিস্তান আমল থেকে চট্টগ্রামে দেশের বহু গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ছিল। সময়ের পরিক্রমায় রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর, বিভিন্ন ব্যাংক-বীমা প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়, টি বোর্ডসহ একের পর এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কেন্দ্রীয় কার্যালয় ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এর ফলে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত চট্টগ্রামের প্রশাসনিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্রমাগত কমে এসেছে। সর্বশেষ বিপিসির প্রধান কার্যালয়ও ঢাকায় স্থানান্তরের উদ্যোগ চট্টগ্রামবাসীর মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। এ বিষয়ে চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি প্রধান কার্যালয় চট্টগ্রামেই রাখার বিষয়ে আশ্বস্ত করেন। এতে চট্টগ্রামবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে। কিন্তু পরবর্তীতে গত ১৭ জুন বিপিসির চেয়ারম্যান জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে প্রধান কার্যালয় ঢাকায় স্থানান্তরের প্রস্তাব দিয়ে চিঠি পাঠানোর ঘটনায় নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিপিসির চেয়ারম্যানের এই ভূমিকা চট্টগ্রামবিরোধী মানসিকতার বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত