শরীয়তপুর পৌরসভাসহ শরীয়তপুর শহরের ১০টি সরকারি দপ্তরে এক কোটি ৩৬ লাখ ১৫ হাজার ৬১৭ টাকার বিদ্যুৎ বিল বকেয়া পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে বিল পরিশোধের কোনো তাগাদাও নেই প্রতিষ্ঠানগুলোর। দপ্তরগুলোতে চিঠি দিয়েও সমাধান পাচ্ছে না শরীয়তপুর বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) কর্তৃপক্ষ।
ওজোপাডিকো সূত্রে জানা গেছে, শরীয়তপুর পৌরসভায় বকেয়া বিদ্যুৎ বিল এক কোটি ১০ লাখ ৩২ হাজার ১৭৫ টাকা, জেলা ক্রীড়া সংস্থায় (স্টেডিয়াম) ৮ লাখ ৬০ হাজার ৫৩৩ টাকা, আর ডেপুটি কমিশনার অব ট্যাক্সেস-এ দুই লাখ ৪২ হাজার ৩০১ টাকা, ফায়ার সার্ভিসে দুই লাখ ৮৮ হাজার ১৬৫ টাকা, জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসে এক লাখ ৪০ হাজার ৩৭০ টাকা, জেলা মডেল মসজিদে তিন লাখ ২১ হাজার ২২৩ টাকা, শরীয়তপুর পার্কে দুই লাখ ৫৮ হাজার ৮৩২ টাকা, পাউবোতে দুই লাখ ৪৪ হাজার ৪৮ টাকা, গণপূর্ত বিভাগে এক লাখ ৫৫ হাজার ৭২৩ টাকা ও সহকারী কমিশনের (ভূমি) কার্যালয়ে ৭২ হাজার ২৪৭ টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়ে রয়েছে। তাদের বিদ্যুৎ বিল পরিশোধের বিষয়ে একাধিক চিঠি দেওয়া হয়েছে।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা ক্রীড়া কর্মকর্তা সমীর বাইন বলেন, জাতীয় ক্রীড়া পরিষদ থেকে অর্থ পেলে ধাপে ধাপে বিদ্যুৎ বিল পরিশোধ করা হবে। শরীয়তপুর পৌরসভা প্রশাসক ও জেলা স্থানীয় সরকার অফিসের উপ-পরিচালক মো. ওয়াহিদ হোসেন জানান, এগুলো দীর্ঘদিনের বকেয়া বিল। ইতোমধ্যে প্রায় ১৫ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। শিগগিরই বকেয়া বিল ধাপে ধাপে পরিশোধ করা হবে।
শরীয়তপুর ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান জানান, পৌরসভায় এক কোটি ১০ লাখ ৩২ হাজার ১৭৫ টাকা বকেয়া বিল পড়ে আছে। পৌরসভাসহ ১০ প্রতিষ্ঠানকেই একাধিকবার চিঠি দেওয়া হয়েছে বকেয়া বিলের জন্য। তবে পেছনের বকেয়া থেকে কিছু টাকা পৌরসভা ইতিমধ্যে পরিশোধ করেছে।