৫ হাজারের বেশি কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৭:২৭ এএম

বিশ্বব্যাপী সাড়ে পাঁচ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি)। ব্যয় কমানোর পরিকল্পনার অংশ হিসেবে আরও সাড়ে তিন হাজার পদ আউটসোর্সিংয়ের আওতায় আনা হবে বলে জানিয়েছে তামাক উৎপাদন ও তামাকজাত পণ্য বিপণনকারী বহুজাতিক প্রতিষ্ঠানটি। গতকাল সোমবার এক বিবৃতিতে এ ঘোষণা দেয় বিএটি। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বিবৃতিতে বিএটি জানায়, পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে ২০২৮ সালের মধ্যে বছরে ৯ হাজার ৭২০ কোটি টাকা (৬০ কোটি পাউন্ড) সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করেছে তারা। এর ফলে প্রতিষ্ঠানটির ৪৭ হাজার কর্মীর প্রায় ২০ শতাংশ কোনো না কোনোভাবে প্রভাবিত হতে পারেন। বিশ্ববাজারে প্রচলিত সিগারেটের চাহিদা কমে যাওয়ায় অন্যান্য বড় তামাক কোম্পানির মতো বিএটিও এখন ভেপসহ নতুন ধরনের পণ্যের দিকে বেশি মনোযোগ দিচ্ছে।

বিএটির প্রধান নির্বাহী টাদেউ মারোকো বলেন, ‘আমরা এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলছি, যা ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকবে। এটি আরও গতিশীল, ব্যয় ব্যবস্থাপনায় সতর্ক ও প্রযুক্তিনির্ভর হবে।’

তিনি আরও বলেন, ‘এই পরিবর্তনের কারণে আমাদের অনেক সহকর্মী প্রভাবিত হবেন। এই পরিবর্তনের সময়ে তাদের প্রয়োজনীয় সহায়তা ও সম্মান নিশ্চিত করাই আমাদের মনোযোগের বিষয় হবে। একই সঙ্গে ভবিষ্যতের জন্য আমরা ব্যবসাকে আরও শক্তিশালী করে তুলব।’

তবে যুক্তরাষ্ট্রে কোনো কর্মী ছাঁটাই করা হবে না। সেখানে বিএটির কার্যক্রম পরিচালনা করে সহযোগী প্রতিষ্ঠান রেনল্ডস আমেরিকান। ঘোষণার পর লন্ডন শেয়ারবাজারে বিএটির শেয়ারের দাম প্রায় ১ দশমিক ৫ শতাংশ কমে যায়। একই সময়ে এফটিএসই ১০০ সূচকও ০ দশমিক ২ শতাংশ কমে যায়।

বিনিয়োগ প্রতিষ্ঠান এজে বেলের ইনভেস্টমেন্ট ডিরেক্টর রাস মোল্ড বলেন, ‘প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কার্যক্রম আরও দক্ষ করা এবং দ্রুত নতুন পণ্য বাজারে আনার ক্ষেত্রে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো সর্বশেষ বড় প্রতিষ্ঠান হিসেবে এই পথে এগিয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত