রাজনগরে কার-অটোরিকশার সংঘর্ষে মা-ছেলে নিহত

আপডেট : ৩০ জুন ২০২৬, ১০:৫৩ এএম

মৌলভীবাজারের রাজনগরে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আরও ৪ জন গুরুতর আহত হন।

সোমবার (২৯ জুন) রাত ৯টার দিকে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের রাজনগর উপজেলার গয়াসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের সকলের বাড়ি রাজনগর উপজেলার বড়দল গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানায়ে, রাতে সিএনজিচালিত অটোরিকশাযোগে বড়দল গ্রামের ইদ্রিস আলীসহ  পরিবারের ৫ জন সদস্য বাড়ি ফেরার সময় প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ আহত হন ৬ জন। স্থানীয়রা তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা ইদ্রিস আলীর স্ত্রী কনিজা বেগম ও তার ছেলে জুবের আলীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত ইদ্রিস আলী, তার মেয়ে জোসনা বেগম ও জামাতা হাকিম উদ্দিন এবং অটোরিকশা চালক তোফাজ্জল মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইদ্রিস আলীর ভাতিজা নাইমুল ইসলাম রাফি বলেন, দুর্ঘটনায় আমার চাচী ও চাচাতো ভাইকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। আমরা আহত চারজনকে নিয়ে সিলেটে হাসপাতালে আছি।

এ বিষয়ে রাজনগর থানার ওসি মো. ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া বলেন, দুর্ঘটনার খবর শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছি। খবর মিলেছে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত