জাল সনদে চাকরি : ১৩ শিক্ষকের এমপিও বাতিল, বেতন বন্ধ

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৩:৩৪ এএম

জাল সনদ ব্যবহারের অভিযোগে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর দেশের বিভিন্ন মাদ্রাসার ১৩ জন শিক্ষকের এমপিও (MPO) বাতিল ও বেতন বন্ধ করে দিয়েছে। এছাড়া, অভিযুক্তদের এখন পর্যন্ত নেওয়া সব বেতন-ভাতা সরকারি কোষাগারে জমা দেওয়া এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখা থেকে জারি করা এক দাপ্তরিক আদেশে এই কঠোর সিদ্ধান্তের কথা জানানো হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) ও এমপিও বাছাই এবং অনুমোদন কমিটির সদস্য সচিব মোহাম্মদ শুকুর আলম মজুমদারের সই করা বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত তালিকা অনুযায়ী, জাল সনদ ব্যবহারকারী শিক্ষকরা সিরাজগঞ্জ, রংপুর, পিরোজপুর, কুড়িগ্রাম, বাগেরহাট, সাতক্ষীরা, কুমিল্লা, ঢাকা, গাজীপুর ও নরসিংদীর বিভিন্ন মাদ্রাসা থেকে এমপিওভুক্ত ছিলেন। এই শিক্ষকদের এমপিও ও ইনডেক্স মে মাস থেকে বাতিল করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, অভিযুক্তরা চাকরিতে যোগদানের পর থেকে এ পর্যন্ত গৃহীত সমস্ত বেতন-ভাতা সরকারি কোষাগারে ফেরত দেবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করবে।

এতে বলা হয়েছে, অভিযুক্ত শিক্ষকদের শিক্ষক নিবন্ধন সনদ ও নিয়োগের সুপারিশপত্র ভুয়া প্রমাণিত হওয়ায় ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬’-এর ১৮.১ (গ) এবং (ঙ) অনুচ্ছেদ অনুযায়ী মে/২০২৬ মাসের এমপিওশীট থেকে তাদের ইনডেক্স কেটে দেওয়া হয়েছে। জালিয়াতির আশ্রয় নেওয়া এই শিক্ষকেরা যাতে আর কোনো সরকারি আর্থিক সুবিধা না পান, সে লক্ষ্যে তাদের বেতন সুবিধাও স্থায়ীভাবে স্থগিত করা হলো।

অধিদপ্তরের তালিকা অনুযায়ী অভিযুক্ত শিক্ষকেরা হলেন— সিরাজগঞ্জের উল্লাপাড়ার গোলকপুর সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার মো. নুরুজ্জামান, রংপুরের তারাগঞ্জ ওয়াল্ফ এস্টেট কামিল মাদ্রাসার মো. মাহবুব রশিদ, পিরোজপুরের উন্দুরকানীর বাটাজোড় আলিম মাদ্রাসার মো. আব্দুর রহমান ও মো. মাসুম বিল্লাহ, কুড়িগ্রামের নাগেশ্বরীর নেওয়াশী ইসলামিয়া আলিম মাদ্রাসার মো. হারুনুর রশিদ, বাগেরহাটের রামপালের মল্লিকেরবেড় ফাযিল মাদ্রাসার করিমা খাতুন এবং সাতক্ষীরার শ্যামনগরের পাতাখালি ফাযিল মাদ্রাসার বিশ্বজিৎ সমাদ্দার।

এই তালিকায় আরও রয়েছেন— কুমিল্লার বরুড়ার পাঁচখুবী আহমদিয়া ফাযিল মাদ্রাসার শাহিদুল হক, গাজীপুরের কাপাসিয়ার বেলাশী মদিনাতুল উলুম বালিকা আলিম মাদ্রাসার মো. রোকনুজ্জামান, ঢাকার আজিমপুরের সাতবাড়ীয়া শাহ আমানত (র:) দাখিল মাদ্রাসার জালাল উদ্দিন, কাপাসিয়ার বড়িবাড়ী বালিকা দাখিল মাদ্রাসার হাসিনা, একই এলাকার একডালা আউয়ালিয়া বালিকা আলিম মাদ্রাসার মো. মাহফুজুর রহমান এবং নরসিংদীর মনোহরদীর শেখেরগাঁও জামিউল উলুম সিনিয়র ফাযিল মাদ্রাসার নাসরিন সুলতানা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত