পটিয়ায় নুরুল হক হত্যা: এক বছর পেরিয়েও মেলেনি বিচার

আপডেট : ০২ জুলাই ২০২৬, ১১:২২ এএম

চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলোচিত নুরুল হক হত্যাকাণ্ডের এক বছর পেরিয়ে গেলেও তদন্তের দৃশ্যমান অগ্রগতি নেই। জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে নুরুল হককে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে মামলা করলেও তদন্ত প্রতিবেদন দাখিলে দীর্ঘসূত্রিতার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

নিহত নুরুল হকের পরিবারের অভিযোগ, আসামিরা প্রভাবশালী হওয়ায় মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে।

জানা গেছে, ২০২৫ সালের ৩০ মে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাঝেরঘাটা এলাকার দলিলুর রহমান ফকিরের বাড়িতে প্রতিবেশীদের হামলার শিকার হন বৃদ্ধ নুরুল হক। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। ঘটনার একদিন পর ১ জুন নিহতের বড় ছেলে মোহাম্মদ জামাল উদ্দীন বাদী হয়ে ১৪ জনকে আসামি করে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় ১ নম্বর আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। তবে ২ নম্বর আসামি শহীদুল হক প্রকাশ বাসেককে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলার অন্যান্য আসামিরা আদালত থেকে জামিনে মুক্ত হয়ে এলাকায় চলাফেরা করছেন। ঘটনার পর কয়েক মাস তারা এলাকাছাড়া থাকলেও পরে জামিনে এসে এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায়।

মামলার বাদী মোহাম্মদ জামাল উদ্দীন অভিযোগ করেন, এক বছর আগে প্রতিবেশীরা আমাদের পুরো পরিবারকে রক্তাক্ত করে আমার চোখের সামনে বাবাকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ আসামিদের ঘরের ক্যামেরায় আছে, যেটি এখনো পুলিশ উদ্ধার করেনি। ঘটনার এক বছর পেরিয়ে গেলেও মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। আসামিরা এলাকার প্রভাবশালী হওয়ায় জামিনে এসে আমাদের বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিচ্ছে এবং মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করছে। আমি প্রশাসনের কাছে এই নির্মম হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত বিচারের দাবি জানাই।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিউল্লাহ বলেন, মামলার তদন্তকাজ প্রায় শেষ পর্যায়ে। অল্প কিছু দিনের মধ্যেই আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত