মাদকমুক্ত সমাজ গঠন ও খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ধারায় সম্পৃক্ত রাখার লক্ষ্যে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গীর বাজার ও ভূমদক্ষিণ এলাকায় অবস্থিত আরবান গ্রীন হেভেন লিমিটেড আবাসিক প্রকল্পে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দি প্লাস্টিসিটি ও আরবান গ্রীন হেভেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান। তিনি বলেন, ‘মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণদের হাতে মাদকের পরিবর্তে বই, খেলাধুলার সরঞ্জাম ও সৃজনশীল কর্মকাণ্ড তুলে দিতে হবে।’
তিনি আরও বলেন, ভূমদক্ষিণে অবস্থিত আমার মালিকানাধীন আবাসন প্রকল্প আরবান গ্রীন হেভেন লিমিটেড এর পাশেই সিংগাইর স্পোর্টস কমপ্লেক্স নামে আমার একটি জাতীয় পর্যায়ের স্পোর্টস কমপ্লেক্স খুব শীঘ্রই উদ্বোধন হচ্ছে। যুবসমাজকে মাদকের ছোবল থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এলাকার যুবকদের নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চায় সম্পৃক্ত করতে সিংগাই স্পোর্টস কমপ্লেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চার পরিবেশ তৈরি হলে যুবসমাজ মাদকের পথ থেকে সরে এসে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে।
তিনি সমাজের যেকোনো জনকল্যাণমূলক, শিক্ষামূলক, ধর্মীয় ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন। পাশাপাশি মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে জামির্ত্তা ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ উল্লাহ বলেন, ‘মাদক নির্মূলে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না। সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হতে হবে এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।’
সিংগাইর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম তানভীর বলেন, ‘মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক উদ্যোগের মাধ্যমে তরুণদের সুস্থ জীবনধারায় ফিরিয়ে আনা সম্ভব।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম বিপ্লব, উপজেলা যুবদল নেতা আহাম্মদ উল্লাহ, উপজেলা ছাত্রদল নেতা মো. তালিম হোসেন খান, জাতীয় ছাত্র সমাজ নেতা মো. আদিল মাহমুদ, স্থানীয় মো. সিদ্দিকুর রহমান খান, মো. মাহবুব আলম মিলন, মো. আলমাছ হোসেন, মো. মইনুল ইসলাম মিন্টু, হাফেজ মো. আমিনুর রহমান, মো. তুষার হোসেন খান, মো. শরিফুল ইসলাম রনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষক, ধর্মীয় নেতা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক যুবক।
সমাবেশ শেষে মাদকবিরোধী জনসচেতনতা ছড়িয়ে দিতে অংশগ্রহণকারীদের নিয়ে একটি মোটরসাইকেল শোভাযাত্রা জায়গীর বাজার, ভূমদক্ষিণ, নয়াপাড়া ও আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং সচেতনতা বৃদ্ধির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।