৪ মাস পর বিমানের সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৯:৩৭ এএম

প্রায় চার মাস বন্ধ থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট ও ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট আবার চালু হয়েছে। ম্যানচেস্টার থেকে বিজি-২০৮ ফ্লাইটটি রবিবার (৫ জুলাই) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। এর মাধ্যমে পুনরায় ফ্লাইট চালু হলো।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর জানায়, ফ্লাইটটিতে ২৭২ জন যাত্রী সিলেটে এসে পৌঁছেন। হজ ফ্লাইট নির্বিঘ্নে পরিচালনার স্বার্থে গত ১ মার্চ থেকে সিলেট-ম্যানচেষ্টার ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এখন পুনরায় তা চালু হলো। আপাতত সপ্তাহে দুইদিন সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট যাতায়াত করবে।  

ম্যানচেস্টার থেকে আসা যাত্রীরা জানায়, ফ্লাইট বন্ধ থাকায় যুক্তরাজ্যপ্রবাসী সিলেটের লোকজনকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। আবার সরাসরি ফ্লাইট চালু হওয়ায় তারা খুশি।

ফ্লাইটটি অবতরণের পর যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আববদুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহনবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

এসময় আরও উপস্থিত ছিলেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত