মৌসুমি নিম্নচাপটি উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করলেও এর প্রভাবে এখনও উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে।
সোমবার (৬ জুলাই) সকাল থেকে পটুয়াখালীর রাঙ্গাবালী, পায়রা সমুদ্র বন্দর ও আশপাশের উপকূলজুড়ে টানা বৃষ্টি হচ্ছে। আকাশজুড়ে ঘন কালো মেঘ। বঙ্গোপসাগরও উত্তাল রয়েছে। উত্তাল সাগরের কারণে মাছ ধরার ট্রলারগুলো নিরাপত্তার স্বার্থে উপকূলে ফিরে এসেছে।
এদিকে, টানা বৃষ্টিতে বিভিন্ন নিচু কৃষি জমিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। কোথাও কোথাও আউশ ধান ও বিভিন্ন ধরনের সবজিক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। মৌসুমের শুরুতেই এমন বৃষ্টিতে আমন ধানের জমি প্রস্তুত ও রোপণ কার্যক্রমও ব্যাহত হচ্ছে। এতে ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকরা।
আবহাওয়ার সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে অভ্যন্তরীণ উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
রাঙ্গাবালী কোড়ালিয়া মৎস্য ঘাটের সভাপতি জহির হাওলাদ বলেন, বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় সমুদ্রে মাছ ধরার ট্রলার ঘাটে অবস্থান করছেন। একে তো মাছ কম অন্যদিকে আবহাওয়া খারাপ ৫৮ দিনের নিষেধাজ্ঞার পর তেমন কোনো মাছ জেলেরা ধরতে পারেননি এতে ক্ষতির মুখে পরছেন জেলে ও ট্রলার মালিকরা।