শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষে নিহত ২৫

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০২:৫১ পিএম

শ্রীলঙ্কার পশ্চিম উপকূলীয় শহর নেগোম্বোর একটি কারাগারে টানা দ্বিতীয় দিনের সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন কারা কর্মকর্তা এবং ২০ জন বন্দি রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারাগারে সেনা মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী, সোমবার (৬ জুলাই) সকালে একদল বন্দি পরিকল্পিতভাবে হামলা চালালে নতুন করে সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সংঘর্ষে জড়িতদের ছত্রভঙ্গ করতে গুলি চালান।

বার্তাসংস্থা আনাদোলু ও স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নেগোম্বো কারাগারে বন্দি ও কারা কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে সহিংসতা দমনে নিরাপত্তা বাহিনী ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম আদা দেরানার তথ্য অনুযায়ী, সংঘর্ষে নিহতদের মধ্যে পাঁচজন কারা কর্মকর্তা এবং বাকি ২০ জন বন্দি। অন্যদিকে নিউজ ওয়্যারের প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালিয়েছে।

আহতদের নেগোম্বো জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পৃথক এক প্রতিবেদনে ডেইলি মিরর জানিয়েছে, এ ঘটনায় প্রায় ১০০ জন আহত হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ও আহতদের কয়েকজনের শরীরে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন পাওয়া গেছে।

এর আগে রবিবার একই কারাগারে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দিদের মধ্যে সংঘর্ষে দুই বন্দি নিহত এবং ৩৮ জন আহত হন। যদিও ওই ঘটনার পর পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছিল, পরে আবারও সহিংসতা ছড়িয়ে পড়ে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে নেগোম্বো কারাগারে ২ হাজার ৪১৭ জন বন্দি রয়েছেন। সংঘর্ষের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে এবং কারাগারজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত