একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের এবার ওয়ানডে সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে জিম্বাবুয়েকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় সফরকারীরা। এরপর শুরু হয় পেসারদেরত দাপট। শুরুটা করেন তাসকিন আহমেদ। এরপর পেস আগুনে স্বাগতিক ব্যাটিং বিভাগ ধ্বসিয়ে দেন নাহিদ রানা। এই ডানহাতি গতি তারকা একাই ৫ উইকেট নেন। এই সংস্করণে এনিয়ে ৩ বার ফাইফারের স্বাদ পেলেন তিনি।
যদিও আজ উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট ও বেন কারেন যোগ করেন ৩৬ রান। এই জুটি অবশ্য ভাঙতে পারত দলীয় ১৪ রানেই। ইনিংসের তৃতীয় ওভারে তাসকিনের বলে বেনেটের সহজ ক্যাচ ছাড়েন রিশাদ হোসেন। সুযোগ পেয়েও ইনিংস বড় করতে পারেননি জিম্বাবুয়ের ব্যাটার। ব্যক্তিগত ১৭ রান করে তাসকিনেরই শিকারে পরিণত হন তিনি। এর ঠিক ২ বল আগে রান আউট হন কারেন (১৮)।
ইনিংসের সপ্তম ওভারে ২ ওপেনার আউট হওয়ার পর ধস নামে স্বাগতিক ব্যাটিং বিভাগে। অভিজ্ঞ ক্রেইগ আরভিনকে রানের খাতা খুলতে দেননি তাসকিন। এরপর দৃশ্যপটে নাহিদ। একে একে ফেরান সিকান্দার রাজা (১), ওয়েসলি মাধেভেরে (০), ক্লাইভ মাডান্ডে (২), ইনোসেন্ট কাইয়া (২৬) ও ব্র্যাড ইভান্সকে (৩)। এদের মধ্যে প্রথম ৪ ব্যাটারকে ক্যাচ ও শেষের জনকে এলবিডাব্লিউ করে আউট করে নাহিদ।
এই প্রতিবেদন লেখার সময় ২৫ ওভার শেষে ৮ উইকেটে হারিয়ে ৯১ রান তোলে জিম্বাবুয়ে।