এক বছর আগে যকৃতে দ্বিতীয় পর্যায়ের ক্যানসার ধরা পড়ে ভারতীয় টিভি অভিনেত্রী দীপিকা কক্করের। এরপর অস্ত্রোপচারের মাধ্যমে তার যকৃত থেকে টেনিস বলের আকারের একটি টিউমার অপসারণ করা হয়। চিকিৎসা চলমান থাকলেও এরই মধ্যে কয়েক দফা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে।
সম্প্রতি শুরু হয়েছে দীপিকার দ্বিতীয় ইমিউনোথেরাপি। চিকিৎসার অংশ হিসেবে আবারও হাসপাতালে ভর্তি হতে হয়েছে এই অভিনেত্রীকে। স্বামী ও অভিনেতা শোয়েব ইব্রাহিম সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে দীপিকার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে ভক্তদের আপডেট দেন। ভিডিওতে দীপিকা বলেন, ‘এটা এখন যেন রুটিন হয়ে গেছে। ২০-২১ দিন পরপরই আমাকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে।’
শোয়েব জানান, বেশ কিছুদিন ধরেই দীপিকার শরীরে আয়রনের ঘাটতি দেখা দিয়েছে। সে কারণে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে আইভি আয়রন ড্রিপ দেওয়া হচ্ছে। পাশাপাশি ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় অতিরিক্ত ঝিমুনি অনুভব করায় এক রাত হাসপাতালে পর্যবেক্ষণে থাকতে হয়েছে তাকে।
তবে নিজের শারীরিক অবস্থার চেয়েও ছেলে রুহানকে নিয়েই বেশি উদ্বিগ্ন দীপিকা। অভিনেত্রীর ভাষ্য, গত কয়েক সপ্তাহে ছেলের আচরণে স্পষ্ট পরিবর্তন এসেছে। দীর্ঘদিন ধরে বাড়ির স্বাভাবিক পরিবেশ না থাকা, বারবার হাসপাতালে যেতে হওয়া এবং মায়ের অসুস্থতা ছোট্ট রুহানের ওপরও প্রভাব ফেলছে।
দীপিকা বলেন, রুহান আগের তুলনায় অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছে। তাই চিকিৎসার ব্যস্ততার মধ্যেও যতটা সম্ভব ছেলেকে সময় দেওয়ার চেষ্টা করছেন তিনি ও শোয়েব। অসুস্থ হওয়ার পর থেকেই নিজের শারীরিক অবস্থা নিয়ে খোলামেলা কথা বলে আসছেন দীপিকা। এর আগে তিনি জানিয়েছিলেন, ক্যানসারের চিকিৎসা, শারীরিক ক্লান্তি এবং হাসপাতালে যাতায়াতের কারণে আগের মতো স্বাভাবিক জীবনযাপন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।
প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা পলি
প্রধানমন্ত্রীর বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে, মন্ত্রীদেরও একই আহ্বান
ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের নতুন কর্মসূচি
বিরামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত