নাটোরে ডাক বিভাগের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৭:৫৩ পিএম

নাটোরে ভাতা বৃদ্ধিসহ দুই দফা দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে ডাক বিভাগের  কর্মকর্তা-কর্মচারীরা। দাবির সমর্থনে সোমবার দুপুরে মানববন্ধন করেছেন ডাক বিভাগের ইডি কর্মচারী জেলা শাখা। তারা ডাক বিভাগের দুই রকম নীতি বন্ধের আহবান জানান।

সোমবার (৬ জুলাই) দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে অংশ নেয় বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ জেলা শাখার সদস্যরা। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের নাটোর জেলা শাখার সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক তৈয়ব আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সদস্য রাজিব আহমেদ, গুরুদাসপুর উপজেলা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক ও সিংড়ার বিলদহরের পোস্টমাস্টার আফরিনা আক্তার মিষ্টি প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এক্সট্রা ডিপার্টমেন্টাল কর্মচারীরা প্রতিদিন মাত্র ১৫০ টাকা পারিশ্রমিকে দায়িত্ব পালন করছেন, যা বর্তমান বাজারদরের তুলনায় খুবই কম। তাই বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি ও তাদের বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে। ডাক বিভাগে দুই রকম নীতি বন্ধ করতে হবে।

সংগঠনের নাটোর জেলা শাখার সভাপতি সাখাওয়াত হোসেন জানান, বর্তমানে ডাক বিভাগের পোস্টমাস্টার চার হাজার ৪৬০ টাকা, রানার চার হাজার ১৭৭ টাকা ও পিয়ন চার হাজার ৩৫৪ টাকা বেতন পান। এই সামান্য টাকা দিয়ে কারো পক্ষে সংসার চালানো সম্ভব হচ্ছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত