জয়পুরহাটে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৬:৫২ পিএম

জয়পুরহাটের বনখুর এলাকায় ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। 

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন অটোরিকশাচালক পাঁচবিবি উপজেলার কাদেরপাড়া গ্রামের এনামুল হকের ছেলে তৌহিদ হোসেন। নিহত অপর নারী যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। তার বাড়ি বীরনগর এলাকায় বলে জানা গেছে।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল সূত্রে জানা যায়, বীরনগর এলাকা থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে জয়পুরহাট শহরের দিকে আসছিল। পথে সদর উপজেলার বনখুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাচালকসহ এক নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও পাঁচজন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

জয়পুরহাট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র স্টাফ নার্স রানা আব্দুল্লাহ জানান, সড়ক দুর্ঘটনায় সাতজনকে হাসপাতালে নিয়ে আসা হলে একজন নারী ও একজন পুরুষকে মৃত ঘোষণা করা হয়। আহত পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

পুরানাপৈল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আরমান আলী হিরো বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়। পরে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত