মুদ্রায় ট্রাম্পের মুখ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ এএম

যুক্তরাষ্ট্রের একটি মুদ্রায় এবার স্থান পেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। গত এক শতাব্দীর মধ্যে এই প্রথম কোনো জীবিত মার্কিন প্রেসিডেন্টের মুখ দেশটির মুদ্রায় স্থান পেল। যুক্তরাষ্ট্রের টাঁকশাল (ইউএস মিন্ট) ট্রাম্পের প্রতিকৃতি-সংবলিত ১ ডলারের মুদ্রাটি গত বুধবার উন্মোচন করেছে। দেশটির ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে মুদ্রাটিতে ট্রাম্পের প্রতিকৃতির পাশাপাশি ‘লিবার্টি’ এবং ‘ইন গড উই ট্রাস্ট’ লেখা রয়েছে।

ইউএস মিন্ট জানায়, বিশেষ সংস্করণের এই মুদ্রায় ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করতে থাকা একটি দেশের চেতনা, গর্ব ও ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়েছে। এই মুদ্রা বাজারে প্রচলন করার জন্য ছাড়া হবে না। তবে এটি বৈধ মুদ্রা হিসেবে ব্যবহার হবে। ইউএস মিন্টের ওয়েবসাইটে বিক্রির জন্য মুদ্রাগুলোর দাম রাখা হয়েছিল, ২৫টি মুদ্রার একটি রোলের জন্য ৬১ ডলার এবং ১০০টি মুদ্রার একটি ব্যাগের জন্য ১৫৪ ডলার ৫০ সেন্ট।

বিক্রি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই ওয়েবসাইটে সব মুদ্রা বিক্রি হয়ে যায়। মুদ্রাটির রঙ সোনালি, তবে এটি সোনার তৈরি নয়। মিন্টের তথ্য অনুযায়ী, মুদ্রাগুলোতে ৮৮ শতাংশের বেশি তামা রয়েছে। বাকি অংশে রয়েছে দস্তা, ম্যাঙ্গানিজ ও নিকেল।

সর্বশেষ সর্বাধিক পঠিত