সেনাবাহিনীর মহড়া পরিদর্শন

জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা   রাখে : প্রধানমন্ত্রী

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৭:২১ এএম

মানিকগঞ্জের সিঙ্গাইরে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রশিক্ষণ মাঠে উপস্থিত হয়ে তিনি সেনাসদস্যদের বিভিন্ন কৌশলগত মহড়া পর্যবেক্ষণ করেন, বাঙ্কারে নেমে রণকৌশল সম্পর্কে অবহিত হন এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী অফিসার ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে সেনাসদস্যদের সঙ্গে তাৎক্ষণিক প্রস্তুত করা খাবার গ্রহণ ও চা পানও করেন প্রধানমন্ত্রী। তার আকস্মিক আগমনের খবরে প্রশিক্ষণকেন্দ্রের বাইরে উৎসুক জনতার ঢল নামে। বিদায়ের সময় প্রধানমন্ত্রী জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

গতকাল মঙ্গলবার সকাল ৯টা ৪২ মিনিট থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার জামির্তা ইউনিয়নের সুতক্ষিরা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর-এর অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্পে অবস্থান করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বিস্তীর্ণ প্রশিক্ষণ এলাকা হেঁটে পরিদর্শন করেন এবং চলমান মহড়ার বিভিন্ন ধাপ ঘুরে দেখেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ পরিদর্শন করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসার (সিও) তাকে চলমান প্রশিক্ষণ কার্যক্রম, কৌশলগত প্রস্তুতি এবং অপারেশনাল পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। তিনি একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা মনোযোগ দিয়ে শোনেন এবং সেনাসদস্যদের পরিচালিত একটি ‘রেইড’ মহড়া প্রত্যক্ষ করেন।

এ ছাড়া যুদ্ধক্ষেত্রে অবস্থান গ্রহণ, সমরকৌশল, আধুনিক সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। তিনি সেনা বাঙ্কারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। এমনকি গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনাসদস্যদের কাছে গিয়েও তাদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ দেন।

পরিদর্শন শেষে সেনাসদস্যদের উদ্দেশে বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট মোকাবিলা ও আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, কঠোর শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক, সাভার সেনানিবাসের জিওসি মেজর জেনারেল এস. এম. আসাদুল হক, ৮১ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস মোহাম্মদ জিয়াউদ্দিন, ৭১ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান, মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমসহ সেনাবাহিনী ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে সিঙ্গাইর ত্যাগ করে জাতীয় সংসদ ভবনের উদ্দেশে রওনা দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত