চীনের পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২১ জনে দাঁড়িয়েছে। নিখোঁজদের উদ্ধারে পরিচালিত অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হওয়ার পর বুধবার (৮ জুলাই) এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভোরে তানচাং কাউন্টির একটি উপত্যকায় ভূমিধসের ঘটনা ঘটে। এতে অন্তত ৩৩ জন মাটিচাপা পড়েন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চায়না নিউজউইক জানিয়েছে, হতাহতদের বেশিরভাগই আশপাশের গ্রামের বাসিন্দা। তারা ওই উপত্যকাজুড়ে বিস্তৃত একটি রাষ্ট্রীয় বন খামারে অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
পাহাড়ি ঢাল, গভীর উপত্যকা এবং অসংখ্য নদ-নদীতে ঘেরা এ অঞ্চলটি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ। বিশেষ করে বর্ষা মৌসুমে সেখানে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা প্রায়ই ঘটে।