মার্কিন হামলায় ইরানে বেশ কয়েকজন আহত 

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৮:৫৬ এএম

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী সিরিকের একটি বাণিজ্যিক জেটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণাঞ্চলের সিরিক ও কেশমের এলাকার কাছাকাছি বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলায় আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত মীনাব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) একটি বিবৃতি দিয়েছে। তারা জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে আক্রমণ করার জবাবে তারা ইরানি লক্ষ্যবস্তুগুলোর ওপর এই ধারাবাহিক ও শক্তিশালী হামলা চালিয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, এই অঞ্চল দিয়ে চলাচলকারী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতেই তারা এই পদক্ষেপ নিয়েছে।

এর আগে, গত সোমবার ওমান উপকূলের অদূরে হরমুজ প্রণালিতে অন্তত তিনটি বাণিজ্যিক জাহাজে অজ্ঞাত বস্তুর আঘাত লাগার খবর প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। সেই ঘটনার পর থেকেই এই অঞ্চলে নতুন করে সামরিক উত্তেজনা ছড়াতে শুরু করে।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং স্থায়ী শান্তিচুক্তি নিশ্চিত করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চলমান। এই পরিস্থিতির মধ্যেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে হামলার ঘটনা ঘটল। উল্লেখ্য, বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় এক পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়েই বিভিন্ন দেশে পরিবাহিত হয়, যা আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্য অত্যন্ত সংবেদনশীল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত